হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন...
Kasturi Kundu
বিমান হাইজ্যাক করে ৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা যখন প্রায় নিশ্চিত, তখন নিজের জীবন বাজি রেখে জঙ্গি হামলার ছক রুখে ভারতীয় বিমানচালক স্মিত মচ্ছর বর্তমানে গোটা বিশ্বের কাছে 'হিরো'। বিমানে থাকা সেই ১৮০ যাত্রী তো বটেই, পাশাপাশি আপামর বিশ্ববাসীর কাছে ভারতীয় বিমানচালক এখন ঈশ্বরের দূতসম। বৃহস্পতিবার সেই ‘বীর’ স্মিতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কঠিন পরিস্থিতিতে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেকথা মনে করিয়ে প্রশংসায় ভরান প্রধানমন্ত্রী। কথোপকথনের সময় ৩৯ বছরের স্মিত জানান, যখনই তিনি কোনও বিপদে পড়েন, তখনই হনুমান চালিশা পাঠ করেন। বুধবার বিমানে হামলার সময়েও তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন। এই মর্মে ব্যক্তিগতজীবনে হনুমান চালিশা পাঠের ইতিবাচক প্রভাব সম্পর্ক সমাজমাধ্যমে বিশেষ পোস্ট বঙ্গললনা দেবলীনা ভট্টাচার্যের।
টেলি অভিনেত্রী দেবলীনা সোশাল মিডিয়ায় খুবই সক্রিয়। ব্যক্তিগতজীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে কোনও ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। হনুমান চালিশা পাঠের উপকারিতা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে জানান, দীর্ঘ আঠারো বছর হনুমান চালিশা পাঠ করছেন এবং জীবনে তার ইতিবাচক প্রভাব অনুভব করেছেন। ক্যাপ্টেন স্মিত মচ্ছরের হনুমান চালিশা পাঠের মন্তব্যের পরই বহু মানুষ বিষয়টি নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করছেন। সেই তালিকার নয়া সংযোজন দেবলীনা ভট্টাচার্য।
আরও পড়ুন:
তাঁর মতে, অন্যের কথা শুনে বা কারও বক্তব্যের ওপর নির্ভর না করে নিজেদের পড়ে উপলব্ধি করা উচিত। তাঁর দাবি, হনুমান চালিশা পাঠ শুরু করার পর সময়ের সঙ্গে তিনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করেছেন। আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, তিনি শুধু লোকমুখে শোনা কথা বিশ্বাস করে হনুমান চালিশা পাঠ শুরু করেননি। নিজে পড়েছেন, নিজের মতো করে অনুভব করেছেন এবং সেই ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই মনের ভিতর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে।
ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'হনুমান চালিশা, কাউকে বিশ্বাস না করে নিজে একবার করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন এর ক্ষমতা। আমাকে কেউ শেখায়নি। কেউ বলেনি যে কীভাবে পড়তে হয়। প্রায় সতেরো থেকে আঠারো বছর আগে আমি নিজে থেকেই শুরু করেছিলাম। কোনও বিশেষ কারণ ছাড়াই। তারপর আমার জীবনে যা কিছু ভালো ঘটেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।'
আরও যোগ করেছেন, 'কিন্তু একটা সত্যি কথা হল আপনি যদি ভাবেন আজ থেকে শুরু করব আর নিজের ইচ্ছেমতো নিয়মিত করে যাব তাহলে হয়তো ভুল ভাবছেন। যতই চেষ্টা করুন না কেন সবসময় তা সহজ হয় না। বাবাই বেছে নেন কে তাঁর চালিশা পাঠ করবে। তবুও আমার কথা বিশ্বাস করার দরকার নেই। নিজে একবার শুরু করে দেখুন। আপনার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন।'