সামান্য রুটির জন্য চরম অপমান! রাজবীর, নন্দিনীর কাছে ক্ষমাপ্রার্থী ভরত, ক্ষোভে ফুঁসছেন জয়শ্রী
Kasturi Kundu
'বিগ বস বাংলা'র (Bigg Boss Bangla) ঘর যেন হয়ে উঠেছে অশান্তির আঁতুড়ঘর! কখনও রাজবীরকে নিয়ে অনুষ্কা, নন্দিনীর দড়ি টানাটানি তো কখনও আবার মা-বাবা তুলে দুজনের মধ্যে প্রায় চুলোচুলি কাণ্ড। এই ঝামেলা, অশান্তি, বিতর্ক যেন বিগ বসের দুর্গের রোজনামচা। কিন্তু, শনিবার যা ঘটেছে সেটা সত্যিই অপ্রত্যাশিত। সামান্য রুটির জন্য ভরত কলের মতো একজন বয়জ্যেষ্ঠ মানুষের সঙ্গে রাজবীর, নন্দিনীর দুর্ব্যবহারকে কেন্দ্র করে একেবারে ছিছিক্কার। শোয়ের প্রতিযোগী থেকে দর্শক, প্রত্যেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সমাজমাধ্যমে রীতিমতো ফুঁসছেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।
'রাজনন্দিনী'র রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। নেটভুবনেও চলছে চর্চা। ভরত কলের সঙ্গে ঠিক কী কারণে রাজবীর, নন্দিনী বিতর্কে জড়িয়ে পড়লেন? এদিন নন্দিনী রাজবীরের জন্য দুটো রুটি সরিয়ে রেখেছিলেন। ভুলবশত সেটা ভরত কল খেয়ে ফেলেন। ব্যাস! তারপরই এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বচসা। দুটো শুকনো রুটির জন্য বয়জ্যেষ্ঠ অভিনেতার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নন্দিনী। এর মাঝেই সেখানে এন্ট্রি নেন রাজবীর। ভরত কলের মতো প্রবীণ অভিনেতাকে হঠাৎ বলে ওঠেন, "তুমি কি ছাগল হয়ে গিয়েছ?"
আরও পড়ুন:
রুটির পরিবর্তে রাজবীর ডিম দাবি করেন। এহেন উদ্ধত্য দেখে তাজ্জব সেখানে উপস্থিত প্রত্যেকে। এই' আচরণের জন্য সৃজলা সহ অনেকেই তীব্র প্রতিবাদ করেন। পরিস্থিতি সামাল দিতে অগত্যা করজোড়ে রাজবীর ও নন্দিনীর কাছে ক্ষমা চান।টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে রাগে ফুঁসছেন ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। স্বামীর অপমানে রাগে হতাশায় সমাজমাধ্যমে অভিনেত্রীর ক্ষোভপ্রকাশ, 'দুটো শুকনো সেঁকা রুটির জন্য কত অপমান। ছিঃ ছিঃ ছিঃ। যাঁর সেঁকা রুটি খেয়ে ফেলেছে সেও কিন্তু একদিন যে সেঁকা রুটি খেয়েছে তার জন্য রাখা তিনটে পরোটা খেয়ে ফেলেছিল। সেসময় কোনও অপমান কিন্তু ওই ব্যক্তি করেনি।'
জয়শ্রীর সংযোজন, 'কাল সত্যি খুব খারাপ লেগেছে যখন হাতজোড় করে ক্ষমা চাইল। এতদিন অনেক কিছু হয়েছে আমার কারও উপর কোনওদিন রাগ হয়নি। কিন্তু আজ ওই মেয়েটির জন্য করুণা হচ্ছে, ঘৃণা হচ্ছে হয়তো এটাই তার রুচির পরিচয়। এখন হয়তো সবাই আমাকে আক্রমণ করবে। তাঁদের উদ্দেশ্যে বলি, বিগ বস গেম, এক এক করে সবাই বেরোবে, জিতবে একজনই। যে মেয়েটি এত অপমান করল…যাক, বাকিটা উহ্য থাক।'