দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Halloween

হ্যালোউইনের রাতে ফিরে আসে বানি ম্যান! খরগোশের পোশাকে ও কে, প্রেত না পাগলাটে খুনি?

৩১ অক্টোবর রাতে বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোউইন। চর্চায় ফিরে ফিরে আসে নানা মিথ।
Biswadip Dey
04:44 PM Oct 31, 2026 IST
৩১ অক্টোবর রাতে বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোউইন। চর্চায় ফিরে ফিরে আসে নানা মিথ।
ছবি: এআই নির্মিত।

আরও একবার ফিরে এসেছে হ্যালোউইন! দেখতে দেখতে দু'হাজার বছর হয়ে গিয়েছে, হ্যালোউইনের সঙ্গে জুড়ে গিয়েছে ভৌতিক আবহ। কিন্তু আমেরিকায় হ্যালোউইনের মিথের সঙ্গে একের পর এক 'আর্বান লিজেন্ড' যুক্ত হয়ে একে করে তুলেছে আরও ভয়াল ভয়ংকর। অতিলৌকিকের কুয়াশাকে করেছে আরও থমথমে নীল। লুইজিয়ানায় আয়নাঘেরা ছোট্ট খেলনাঘর ‘ডেভিলস টয় বক্স’ যেমন। ভয়ের মধ্যে যে মজার গুনগুন মেজাজ আছে, তা মাথায় রেখে তৈরি করা হয়েছিল সেটা। কিন্তু লোকজন সেখানে ঢুকে বেমক্কা হতভম্ব হয়ে গেল। এরকমই হরেক কিসিমের ভৌতিক আবহের কথা বলা যায়। কিন্তু আপনি যদি ভার্জিনিয়ায় থাকেন, তাহলে এই রাতে খোলা পথে চোখ রাখবেন সাবধানে। আর বাইরে বেরলে তো আরও সতর্ক থাকতে হবে। মানে, লিজেন্ড তেমনই যে! কেননা যখন তখন নাকি বেরিয়ে আসতে পারে ‘বানি ম্যান’! 'বিশ্বাসী'রা আজও জানে না খরগোশের পোশাকে সে কে, প্রেত না পাগলাটে খুনি?

হ্যালোউইনকে ঘিরে আসলে এক বিশ্বাস খুব জোরালো যে, ৩১ অক্টোবর জীবিত ও মৃতদের জগতের মাঝখানের পর্দাটা আরও পাতলা হয়ে যায়। আর তখনই সেই পর্দা ভেদ করে সেই না দেখা জগৎ থেকে ভয়াল ভয়ংকর সব অপচ্ছায়ারা হাজির হয় এই মরজগতে। আর এই ধারণা থেকেই আশ্চর্য সব ভূতুড়ে পোশাকের জন্ম। আগুন জ্বালিয়ে রাখা হয় যাতে অশুভ আত্মারা এসে না পড়তে পারে। যুগের পর যুগে সেই আতঙ্ককেই জোরালো করেছে একের পর এক আর্বান লিজেন্ড। আমরা আজ অবশ্য একজনের কথাই বলব। সে ‘বানি ম্যান’। ভার্জিনিয়ায় গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে তাকে ঘিরে নানা গপ্পোগাছা। আর পাঁচটা কিংবদন্তির মতো এক্ষেত্রেও রয়েছে নানা 'ভার্শন'।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কলকাতাতেও হ্যালোউইন জ্বর

সবচেয়ে পরিচিত মিথটার কথাই বলা যাক। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি সবুজে ঘেরা এক চমৎকার জনপদ। ঐতিহাসিকও বটে। আমেরিকান গৃহযুদ্ধের ইতিহাস ছুঁয়ে আছে এই অঞ্চলকে। এখানকার ফেয়ারফ্যাক্স রেলস্টেশনে আচমকাই দেখা গেল, চামড়া ছাড়ানো খরগোশ ঝুলছে! যেন বলতে চাইছে, ''তফাত যাও।'' জানা গেল, মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছে এক রহস্যময় ব্যক্তি। সে চায় না এখানে কেউ আসুক। কিন্তু হ্যালোউইনেরই এক রাতে, স্থানীয় কয়েকজন কিশোর-কিশোরী ওই ব্রিজের নিচে আড্ডা দিতে শুরু করে। যা ভাবছেন তাই। রাতের শেষে পাওয়া যায় সকলের নিথর দেহ। খরগোশের মতো সেই শরীরগুলিকেও হত্যা করে সেখানেই ফেলে গিয়েছিল খুনি। সকলকে দূরে থাকার 'পরামর্শ' দিতেই যেন!

আরও নানা গুঞ্জন আছে। কারাগার থেকে পালিয়ে আসা এক কয়েদি খরগোশের পোশাক পরে ঘুরে বেড়াত 'শিকার'। মূলত তরুণ-তরুণীরাই ছিল তার 'টার্গেট'! কিন্তু সে কি সত্যিই মানুষ? কোনও কোনও বর্ণনায় সে আদৌ মানুষ নয়। এক ভয়ংকর প্রেত! কিন্তু সে মানুষ হোক বা প্রেত, এহেন কিংবদন্তি জন্ম নিল কী করে? এর উৎস কী?

বানি ম্যান

সেই গল্প বলতে হলে পিছিয়ে যেতে হবে আরও অনেকগুলো বছর। ১৯০৪ সালে (কারও মতে ১৯০৩, কারও মতে ১৯০৫)। একটা স্থানীয় পাগলা গারদ বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখান থেকে সমস্ত বন্দিকে পাঠানো হচ্ছিল নতুন জায়গায়। কিন্তু মাঝপথে বাসটা দুর্ঘটনার কবলে পড়ল। আর ভিতরে থাকা পাগলরা পালিয়ে গেল পাশের গভীর জঙ্গলে। শেষপর্যন্ত বাকিদের ধরে ফেলা গেলেও ডগলাস জে গ্রাইফন ও মার্কাস ওয়ালস্টারকে ধরা গেল না। সময় কাটে। স্থানীয় গ্রামবাসীরা আবিষ্কার করল ছাল ছাড়ানো, আধখাওয়া খরগোশের সংখ্যা বেড়েই চলেছে! ঝুলিয়ে দেওয়া হচ্ছে পথের ধারে। শেষে ডগলাসকে পাওয়া গেল। কিন্তু গ্রেপ্তার করা গেল না। কেননা তার নিথর দেহ ঝুলছিল গাছ থেকে! সঙ্গে একটা নোট- 'আপনারা আমাকে খুঁজে পাবেন না। যতই খুঁজুন না কেন।' তলায় লেখা 'দ্য বানি ম্যান'। মার্কাস ওয়ালস্টারকে কিন্তু আর ধরা যায়নি। বলা হয়, সে-ই ওই নোট লিখেছিল। সে-ই পরবর্তী সময়ে ব্রিজের ধারে ফিরে এসেছিল। আর ইচ্ছেমতো খুনখারাপি চালাত। যেমন গল্প শুরুতেই বলা হয়েছে।

কিন্তু... একটু খোঁজ করতে বসলেই স্পষ্ট হয়ে যায় আসলে 'যা রটে' তা এক্ষেত্রে কিছুই 'বটে' নয়। যেমন, যে পাগলাগারদের কথা বলা হয় তেমন কিছু ভার্জিনিয়ার ক্লিফটন এলাকায় ছিলই না। ছিল না কোনও বন্দিশালাও। একটা তৈরি হয়েছিল বটে, সেটাও ১৯১০ সালের পরে। এমনকী, ওই এলাকায় সেই সময়ের আশপাশের সময়ে কোনও বাসের দুর্ঘটনার কবলে পড়ার খবরও নেই। সবচেয়ে বড় কথা, ডগলাস জে গ্রাইফন ও মার্কাস ওয়ালস্টার নামে ওই জনপদে ওই সময়ে মানসিক ভারসাম্যহীন মানুষদের কোনও রেকর্ডই নেই। সুতরাং বোঝাই যায়, পুরোটাই আসলে একটা কিংবদন্তি মাত্র। অবশ্য, হ্যালোউইনের হিমরাতে একলা হলে কে আর সেসব মনে রাখবে। এমনকী, ঘরের কোণে বসে ভাবতে বসলেও গায়ে কাঁটা দেবে।

আরেকটা গল্প আছে এই মিথের নেপথ্যে। সেটা ১৯১৮ সালের গল্প। ভার্জিনিয়ার বার্ক এলাকার কাছে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। তার নাম ইভা রয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। খুনি হিসেবে এক কারাগার থেকে পালিয়ে আসা এক কয়েদির কথা জানা যায়। সে প্রাথমিক ভাবে অপরাধের দায় নিলেও পরে জানা যায়, ওই স্বীকারোক্তি ছিল মিথ্যা। কিন্তু তাতে মিথ তৈরি হতে আটকায়নি।

তবে এই সব মিথ ছড়িয়ে থাকলেও সাতের দশকে এসেই প্রথমবার 'বানি ম্যান'-এর কথা শোনা যেতে থাকে ভার্জিনিয়ার আনাচে কানাচে। সেই সময়ে কোনও অক্টোবরে মধ্যরাতের পরপরই একটি পার্ক করে রাখা গাড়ির জানলার কাচ চূর্ণ হয়ে যায়। কে কুড়ুল ছুড়ে মারল? ভিতরে থাকা দম্পতি দেখতে পায় খরগোশের পোশাক পরা 'বানি ম্যান'কে। অন্তত তাঁদের দাবি ছিল তেমনই। পরে আরও এক খালি বাড়িতেও তার হাজির হওয়ার কথা ছড়িয়ে পড়ে। পুলিশ নাকি একটা কুড়ালও উদ্ধার করে ফেলে! কিন্তু সেই আগন্তুকের আঁচ মেলেনি। আজও। বহু মানুষের বিশ্বাস, ৩১ অক্টোবর রাতে সে ফিরে আসে। খরগোশের পোশাক পরে। যাকে দেখলেই সামনে থাকা মানুষটার রক্ত হিম হয়ে যায়। সেই 'বানি ম্যান'... সত্যি হোক বা মিথ্যে, ফিরে ফিরে আসে। আসবে আবার... এবারের হ্যালোউইনেও... কেবল বিশ্বাসীরাই তাকে দেখতে পাবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Halloween
Advertisement
Tags :
Halloween

নিয়মিত খবরে থাকতে ফলো করুন