shono
Advertisement
FIFA World Cup 2026

মেসিদের শিবিরের অদূরেই চলল গুলি! বিশ্বকাপের আগে আমেরিকায় বন্দুকবাজের হানা, আহত বহু

ইংল্যান্ড দল যেখানে শিবির ফেলেছে, তার থেকে মাত্র চার মাইল দূরে গোলাগুলি চলে। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও কানসাস সিটিতে শিবির বসিয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:43 AM Jun 09, 2026Updated: 03:10 PM Jun 09, 2026

২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে বাকি আর ঠিক তিনদিন। কিন্তু বিশ্বফুটবলের মহাযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন উঠে গেল। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড যে শহরে শিবির করছে, সেই কানসাস সিটিতেই সোমবার চলল গোলাগুলি। এদিন বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন ৯ জন।

Advertisement

জানা গিয়েছে, ইংল্যান্ড দল যেখানে শিবির ফেলেছে, তার থেকে মাত্র চার মাইল দূরে গোলাগুলি চলে। সোমবার কাকভোরে কানসাস সিটির টুস্ট অ্যাভিনিউ ও ইস্ট স্ট্রিটে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীরা পৌঁছন সেখানে। তাঁরা গিয়ে দেখেন, সেখানে তিনজন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ জানিয়েছে, আরও ছয় ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও কানসাস সিটিতে শিবির বসিয়েছে। তবে দু'টি দলই এই মুহূর্তে কানসাসে নেই। কিন্তু এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু কানসাস সিটি নয়, নিউ ইয়র্কেও হামলা হয়েছে। ছুরির আঘাতে আহত হয়েছেন ছ'জন। নিউ ইয়র্কের মেয়র জানিয়েছেন, শহরের পেন স্টেশনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। কানসাসে যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তার তদন্ত শুরু হয়েছে। তদন্ত জানা গিয়েছে, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ঘটনা ঘটিয়েছেন।

এদিকে, ইংল্যান্ড দল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্লোরিডায়। প্রতিপক্ষ কোস্টা রিকা। এই ম্যাচের আগে ইংল্যান্ড কোচ টমাস টুখেল জানিয়ে দিলেন, ইংল্যান্ডের সহ-অধিনায়কের নাম ডেকলান রাইস। অথচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন জুড বেলিংহ্যাম। তিনি বলেছেন, "ডেকলান-ই দলের সহ অধিনায়ক। কারণ, এই সিদ্ধান্তটা আগেই নেওয়া হয়েছে।" ফ্লোরিডার গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইংল্যান্ড ফুটবলাররা। এরই মধ্যে টুখেল জানিয়েছেন, বেলিংহ্যামকে প্রথম একাদশে জায়গা করে নিতে হলে লড়াই করতে হবে। কারণ, তাঁর দলে প্রথম একাদশে খেলার জন্য ১৪-১৫ জন ফুটবলার রয়েছেন।

টুখেল ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার পর বেলিংহ্যাম মাত্র চারবার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তিনবার বদলি হিসাবে মাঠে নেমেছিলেন। ইংল্যান্ড কোচ বেলিংহ্যামের পরিবর্তে মরগ্যান রজার্সকে ব্যবহার করছেন। টুখেলের কোচিংয়ে ১৩টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচেই রজার্স খেলেছেন। টুখেল বলেছেন, "বেলিংহ্যাম অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ওকে প্রথম একাদশে সুযোগ পেতে হলে লড়াই করতে হবে।" নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বেলিংহ্যামের পারফরম্যান্সে টুখেল অবশ্য সন্তুষ্ট। তিনি বলেছেন, "বেলিংহ্যাম বিশ্বকাপের আগে ছন্দে রয়েছে। ও সম্পূর্ণ ফিট এবং সেরা ফর্মে রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement