নিজের নাগরিকদেরই ফেরাতে চায় না বাংলাদেশ! এবার অসমে গ্রেপ্তার ৯ অনুপ্রবেশকারী
Kishore Ghosh
ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশ মানতে নারাজ তারেক রহমান সরকার। 'পুশব্যাকে'ও আপত্তি তাদের। অর্থাৎ কিনা নিজের নাগরিকদেরই ফেরাতে চায় না ঢাকা। এই অবস্থায় এবার অসমের (Assam) বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেল স্টেশন থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। বঙাইগাঁও বর্ডার পুলিশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। সেই কারণেই তারা নিউ বঙাইগাঁও রেলস্টেশনে পৌঁছান। বঙ্গাইগাঁওয়ের এসএসপি নুমাল মাহাট্টা বলেন, একটি যৌথ অভিযানে আমরা নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ৯ জন বাংলাদেশি নাগরিককে হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। তাঁদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে।"
আরও পড়ুন:
বঙ্গাইগাঁও এসএসপি নুমাল মাহাট্টা আরও জানান, ছয়টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি জাল ভারতীয় আধার কার্ড এবং পাঁচটি রেলের টিকিট মিলেছে অভিযুক্তদের কাছ থেকে। তিনি বলেন, "প্রাথমিক তদন্ত থেকে আমরা জানতে পেরেছি, তাঁরা একটি প্রতিবেশী রাজ্য থেকে অসমে প্রবেশ করেছিল। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর চেষ্টা করে বিএসএফ। যদিও বাংলাদেশ প্রশাসনই তাদের ফেরত নিতে চায়নি। এই অবস্থায় প্রাথমিকভাবে 'নো ম্যানস ল্যান্ডে' ঠাঁই হয় তাঁদের। পরে মানবিক কারণে অস্থায়ী আশ্রয় শিবরে তাঁদের থাকার ব্যবস্থা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
এদিকে অসম পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর গুয়াহাটি ও রঙিয়া দু'টি আলাদা অভিযানে মহিলা, পুরুষ, নাবালক-সহ ২৭ জন বাংলাদেশি নাগরকিককে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ। অর্থাৎ কিনা ঢাকা অস্বীকার করলেও বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।