মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায়। ১৬০০ ডিগ্রি তাপমাত্রার গলিত লোহার সংস্পর্শে এসে পুড়ে মৃত্যু হল ৮ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও বহু শ্রমিক। অসাবধানতাবশত ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছে সোমবার রাতে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে
জানা যাচ্ছে, সোমবার রাতে কাজ চলাকালীন ক্রেনের মাধ্যমে গলিত লোহার বড় একটি বালতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও বহু শ্রমিক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারখানার আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা লঙ্ঘনের কারণে এই দুর্ঘটনা, তা দেখা হচ্ছে।
