চাকরি ছেড়ে মাঝরাতে রাস্তায় কফি বিক্রি, ২ হাজারে শুরু করে মাসে ৬ লক্ষ আয় ভাইরাল দম্পতির!
দৈনিক আয় লাফিয়ে বাড়ছে কোকো স্টেশনের।
Arpan Das
08:07 PM Oct 31, 2026 IST
-
-
ফিরে যাওয়া যাক, বছর দেড়েক আগে। ২০২৫-র জুলাইয়ের কথা। গুজরাটের দর্শন জিনজুভাদিয়া একটি সফটওয়্যার কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন। বড় চাকরি করতেন স্ত্রী শ্রুতিও। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু শ্রুতির মন বসছিল না। তিনি চাইছিলেন নিজের মতো করে কিছু একটা করতে। দর্শন চাকরি চালিয়ে গেলেও শ্রুতি ছেড়ে দেন। সকালে কফি ও কোকোর সমস্ত উপকরণ প্রস্তুত করতেন।
-
সন্ধ্যার পর দর্শন কাজ সেরে ফিরতেন। কিছুক্ষণের বিশ্রাম। রাত ৯টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত আহমেদাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে ঠান্ডা কোকো ও কফি বিক্রি করতে শুরু করেন। প্রথমে মাত্র ২০০০ টাকা পুঁজি ছিল। নিজেদের দোকানের নাম দেন 'দ্য কোকো স্টেশন'। প্রথম দিকে মাত্র ১৪ বোতল বিক্রি করতেন। লাভ আর কোথায়? কিন্তু স্বপ্ন থেকে সরেননি। ব্যবসা বড় করতে চাকরি ছেড়ে দেন শ্রুতি।
-
কোনও জমকালো ক্যাফে, দামি সরঞ্জাম ছিল না। বিরাট কিছু স্বপ্নও দেখেননি দম্পতি। কোল্ড কফি ও কোকোর কয়েকটি বোতল, একটা গাড়ি ও নিজের মতো থাকার ইচ্ছায় বেরিয়ে পড়েন। ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে। আর এখন দিনে প্রায় ১৫০ বোতল বিক্রি করেন। বিরাট লাফ দেয় নবরাত্রির সময়। যখন তাঁরা মাত্র নয় দিনে প্রায় ৭,৫০০ বোতল বিক্রি করেছিল।
-
এখন মাসিক আয় ৬ লক্ষ টাকা। দৈনিক আয়ের পরিমাণ ২০০০০ টাকা। স্টার্টআপ পেডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ৩০,০০০ বোতল বিক্রি করেছে। মোট আয়? ৩৬ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে খরচও কম নয়। কাঁচামাল, বোতল ও অন্যান্য খরচ মিলিয়ে মাসে ২ লক্ষ টাকা ব্যয় হয়। তাতেও ৪ লক্ষ টাকা লাভ।
-
শুরুতে বিক্রি হয়েছিল ১৪ বোতল। তখন প্রতি বোতলের দাম ছিল ৮০ টাকা। অর্থাৎ প্রথম দিন উঠেছিল ১১২০ টাকা। সেখান থেকে আজ দিনে ২০০০০ টাকা লাভ হচ্ছে 'দ্য কোকো স্টেশনে'র। এখন ক্লাসিক কোল্ড কোকোর দাম ১২০ টাকা, যেখানে ২-ইন-১ কোল্ড কোকোর দাম ১৬৯ টাকা। ক্লাসিক কোল্ড কফি পাওয়া যাচ্ছে ১১৯ টাকায়। জ্যোমাটোতে অর্ডার দিলেও পাওয়া যায়। (ছবি: এআই)
-
তবে মজার বিষয় হল, এখনও সেই গাড়িই তাঁদের ব্যবসাক্ষেত্র। প্রতি রাতে তাঁরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। লিংকডিনে পোস্টে শ্রুতি লিখেছেন, 'পথচলা সহজ ছিল না। আমরা যতটা ভেবেছিলাম, তার থেকেও কঠিন। কিন্তু এখন গর্ব করে বলতে পারব, এটা আমাদের নিজস্ব। কিন্তু অনেক সময় পরিকল্পনার থেকেও বেশি সাহসের দরকার হয়।' তাঁদের পদক্ষেপ অভিনবত্বে মজেছেন নেটিজেনরা। (ছবি: এআই)
Advertisement
Advertisement