বাংলাদেশি 'বাঁচাতে' রাহুলের রামলীলা! 'দিদির সুপরা সাফ', পালটা মিছিলে মমতাকেও বিঁধলেন শাহ
Subhodeep Mullick
রবিবার 'ভোটচুরি' ইস্যু এবং জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করে 'ইন্ডি' জোট। তার একদিন পরই সোমবার হায়দরাবাদে (Hyderabad) দাঁড়িয়ে কংগ্রেস-সহ বিরোধীদের বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বললেন, "ভোট বাঁচাও নয়, বিরোধীদের মিছিলের উদ্দেশ্য ছিল বাংলাদেশি ঘুসপেটিয়া বাঁচাও।" একইসঙ্গে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে দিদির সুপরা সাফ হয়ে গিয়েছে।"
সোমবার জনসভা থেকে শাহ বলেন, "কংগ্রেস যে ভোট বাঁচাও মিছিল করেছে, সেটি আসলে অনুপ্রবেশকারীদের রক্ষার জন্য মিছিল। রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সমস্ত চেষ্টাই বিফলে যাবে। ২০১৯ সালেও আমরা জিতেছি, তখন তো এসআইআর হয়নি। তাহলে কীভাবে আমরা জিতলাম।" বিরোধীদের চ্যালেঞ্জ করে তিনি বলেন, "এসআইআর ও ইভিএম নিয়ে আলোচনা করতে প্রস্তুত।"
আরও পড়ুন:
রবিবার 'ইন্ডি' জোটের সমাবেশ থেকে রাহুল দাবি করেন, এসআইআরের মাধ্যমে সাড়ে ১৩ কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেশের প্রতি সাতজন ভোটারের মধ্যে একজন বাদ পড়েন। এই হিসাবে ২০২৪ সালের এনডিএ-র জয়কে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন কংগ্রেস নেতা। তিনি পরিসংখ্যান দেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘এনডিএ’র সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের ভোট পার্থক্য ছিল মাত্র ৩ শতাংশ। সেই হিসাবে ২০২৪-এ এনডিএ তথা বিজেপির, নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী হওয়াকে ‘বেআইনি’ বলে দাবি করেন রাহুল।
এদিন কংগ্রেস সাংসদকে তোপ দেগে শাহের প্রশ্ন, যদি ইভিএম-এ কারচুপি হত, তাহলে তেলেঙ্গানায় কংগ্রেস কীভাবে জিতল? কেরলেও কীভাবে সরকার গড়ল হাত শিবির? তিনি সাফ জানান, বিরোধীরা যে ১৩ কোটি ভোটার মুছে ফেলার অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ মিথ্যা। এরপরই তিনি প্রশ্ন ছুড়ে দেন, মৃত ব্যক্তিদের ভোট তালিকা থেকে বাদ দেওয়া উচিত কি না? তাঁর কথায়, "জিতলে মানুষ জিতিয়েছে, হেরে গেলে ইভিএমের দোষ। রাহুল নকল সংসদে নকল প্রধানমন্ত্রী হতে পারতেন।" তাঁর কথায়, "কংগ্রেস গোটা দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তাদের দশ বছরের শাসনকালে ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, অথচ নরেন্দ্র মোদির জমানায় দুর্নীতির একটি অভিযোগও ওঠেনি।" অন্যদিকে, মমতাকে নিশানা করে শাহ বলেন, "বাংলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে। দিদির 'সুপরা সাফ' হয়ে গিয়েছে।"