মা চাকুরিজীবী? কোনও সুবিধা মিলবে না সন্তানদের! স্কুলের ‘নিদান’ ঘিরে বিতর্ক
Subhodeep Mullick
মা চাকরি করেন। তাই সন্তান স্কুলে বিশেষ কোনও সুবিধা পাবে না। এমনই অলিখিত নিয়ম চালুর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর (Bengaluru) কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরপরই বিতর্কের ঝড় উঠেছে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে এক অভিভাবক জানান, তাঁর আড়াই বছর মেয়ে রয়েছে। সম্প্রতি তার জন্য উপযুক্ত স্কুলের সন্ধান করছিলেন তিনি। দাবি করেন, বানাশঙ্করি এলাকার কিছু স্কুল অলিখিত নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, মায়েদের গৃহিণী হওয়া বাধ্যতামূলক, অন্যথায় সন্তানের ভর্তির আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাঁর আরও দাবি, অন্য অভিভাবকরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে, মেয়েকে স্কুলে ভর্তি করাতে চাইলে তিনি যেন ভর্তির ফর্মে মিথ্যা তথ্য দেন। তাঁর কথায়, “শিক্ষার্থীদের উপর নজর রাখার উদ্দেশ্যে স্কুলগুলি প্রতি বছরই মায়ের পেশা বা চাকরির সম্পর্কে খোঁজখবর নেয়।”
আরও পড়ুন:
ওই অভিভাবক বলেন, “নারীদের কাজ করা উচিত নয় - যদি শুরুতেই এমন ধারণা পোষণ করা হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে শিক্ষার্থীদের কী মূল্যবোধ শেখাবে?” যোগ করেন, “প্রযুক্তি-কেন্দ্রিক একটি আধুনিক শহর হওয়া সত্ত্বেও বিষয়টি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর। অথচ অধিকাংশ মানুষই এটিকে স্বাভাবিক বলে মনে করেন।”