এসআইআরে বাদ পড়েন ৬ জন, কমিশনকে গোয়ার ওই ভোটারদের নাম অন্তর্ভুক্তির নির্দেশ বম্বে হাই কোর্টের
Biswadip Dey
বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর আর্জি ছিল, তাঁর এবং তাঁর পরিবারের পাঁচজনের নাম বাদ পড়েছে এসআইর (Goa SIR) প্রক্রিয়ায়। কিন্তু তিনি 'ফর্ম ৮' জমা করেছিলেন ঠিকানা বদলের তথ্য জানাতে। কিন্তু এরপরও তাঁদের নাম বাদ পড়েছে। অবশেষে উচ্চ আদালত তাঁদের নাম অন্তর্ভুক্তি করার নির্দেশ দিল নির্বাচন কমিশনকে।
আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে, তাঁদের ঠিকানা যাচাই করে ১০ দিনের মধ্যে ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পেতে এই আদেশের উপরে স্থগিতাদেশ চেয়ে যে অনুরোধ জানিয়েছিল, তা-ও আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি বাল্মীকি মেনেজেস এবং অমিত জামসান্দেকারের একটি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে যে, বিষয়টি এসআইআর ঘিরে সুপ্রিম কোর্টে যে ধরনের অভিযোগ জমা পড়েছে তা থেকে আলাদা।
আরও পড়ুন:
আইনজীবী গৌরিশ অগ্নি, নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন। তিনি ওই আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে বলেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের সামনে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে চায়। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। বেঞ্চের তরফে জানানো হয়, ''সুপ্রিম কোর্টে এসআইআর বিষয়টি বিচারাধীন রয়েছে, তবে তা এই বিষয়টার সঙ্গে সম্পর্কিত নয়।''
বলে রাখা ভালো, উত্তর গোয়ার সান্তা ক্রুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা পরেশ বসন্ত সালগাঁওকর এবং তাঁর পরিবারের পাঁচ সদস্য এই আবেদনটি দায়ের করেছিলেন। এসআইআরের তথ্য সংগ্রহের পর্যায়ের আগেই পরিবারটি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্য একটি ঠিকানায় স্থানান্তরিত হয়েছিল। বিএলও 'ফর্ম ৮' জমাও দিয়ে দেন। কিন্তু এসআইআরের পর খসড়া তালিকা প্রকাশিত হলে দেখা যায় নামগুলি নেই। এরপরই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে মিলল স্বস্তি।