চিনা আধিপত্যে লাগাম! বিরল খনিজে ‘আত্মনির্ভর’ হবে দেশ, বিপুল বরাদ্দ মোদি সরকারের
Subhodeep Mullick
'ক্রিটিক্যাল মিনারেল' বা বিরল খনিজে (Critical Minerals Processing) চিনের উপর নির্ভরতা কমিয়ে দেশকে 'আত্মনির্ভর' করে তুলতে বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকারের। লিথিয়াম, নিকেল, কোবাল্টের মতো বিরল খনিজের প্রক্রিয়াকরণ পরিকাঠামো গড়ে তুলতে ২,৮১৪ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী পাঁচ বছরে এই প্রকল্প বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পে এই খনিজগুলির গুরুত্ব অপরিসীম।
জানা গিয়েছে, এই প্রকল্পটির আওতায় দু'টি লিথিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং দু'টি নিকেল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে। যেখানে বিনিয়োগের উপর ৩০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। বুধবার মন্ত্রিসভার জারি করা এক বিবৃতি অনুযায়ী, লিথিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্র দু'টির প্রতিটির ন্যূনতম ক্ষমতা হবে ৩০ হাজার টন। অন্যদিকে, নিকেল প্রক্রিয়াকরণ কেন্দ্র দু'টির প্রতিটির ক্ষমতা হবে ৫০ হাজার টন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল - দেশে এমন প্রক্রিয়াজাতকরণ পরিকাঠামো গড়ে তোলা, যা লিথিয়াম ও নিকেল আকরিক এবং মধ্যবর্তী পণ্যগুলিকে উচ্চ-বিশুদ্ধতাসম্পন্ন যৌগে রূপান্তরিত করতে পারবে। এছাড়া, নিকেল উৎপাদনে বাই-প্রোডাক্ট হিসাবে কোবাল্টও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলি বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা এবং বিশেষ ইস্পাত শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:
মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, বিরল খনিজের প্রক্রিয়াকরণ পরিকাঠামো ভৌগোলিকভাবে কেবল কয়েকটি নির্দিষ্ট স্থানেই কেন্দ্রীভূত হয়ে রয়েছে। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বলে রাখা ভালো, লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলির পরিশোধন ও প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরিকাঠামো এখনও প্রাথমিক পর্যায়ে থাকায়, ভারতকে আমদানির উপরই নির্ভর করে থাকতে হয়।
চলতি বছরের নীতি আয়োগের একটি প্রতিবেদন অনুযায়ী, লিথিয়াম, নিকেল ও কোবাল্টের ক্ষেত্রে ভারত ১০০ শতাংশ আমদানিনির্ভর। ২০২৫ সালে ভারতের নিকেল আমদানির ২৬.২ শতাংশ, কৃত্রিম গ্রাফাইট আমদানির ৫২.৩ শতাংশ, লিথিয়াম অক্সাইড ও হাইড্রোক্সাইড আমদানির ২২.৬ শতাংশ এবং লিথিয়াম কার্বোনেট আমদানির ৩৪.৩ শতাংশ এসেছে চিন থেকে। কারণ, বিরল খনিজে আধিপত্য রয়েছে বেজিঙের। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে লিথিয়াম ও কোবাল্ট প্রক্রিয়াকরণের ৭০-৭৫ শতাংশ এবং 'রেয়ার আর্থ' ও ব্যাটারি-গ্রেড গ্রাফাইট পরিশোধনের ৯০ শতাংশেরও বেশি চিনের নিয়ন্ত্রণে রয়েছে।