'অসম আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব', অনুপ্রবেশ ইস্যুতে রাহুলকে তোপ হিমন্তের
Amit Kumar Das
রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মেগাসভার আয়োজন করেছে ইন্ডিয়া জোট। যেখানে জ্ঞানেশ কুমারকে দেশদ্রোহী বলে তোপ দাগার পাশাপাশি তাঁকে জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনার পালটা রাহুলের বিরুদ্ধে সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁকে 'অনুপ্রবেশকারীদের রক্ষক' বলে অভিযোগ তুলে বললেন, 'অসমে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব'।
রবিবার হিমাচল প্রদেশের শিমলায় 'গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো' কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়ে রাহুলের বিরুদ্ধে ফুঁসে ওঠেন হিমন্ত বিশ্বশর্মা বলেন, "বাংলাদেশিদের এখানে কোনও জায়গা নেই। আর রাহুলজি বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে তবে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।" একইসঙ্গে তিনি বলেন, "আপনি বরং অসমে আসুন, আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব। বাংলাদেশের প্রতি ভালবাসা থাকলে অসমে আসুন, শুভেন্দু আর আমি আপনাদের জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করব।''
আরও পড়ুন:
হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'বাংলাদেশিদের এখানে কোনও জায়গা নেই। আর রাহুলজি বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে তবে বাংলাদেশে যান।'
সুর চড়িয়ে হিমন্ত আরও বলেন কংগ্রেস আর কখনই ক্ষমতায় ফিরবে না। তাঁর কথায়, 'ওখানে (বাংলাদেশে) যান এবং সরকার বদলান। ভারতে শাসনব্যবস্থা তখনই বদলায়, যখন জনগণ সরকার বদলানোর সিদ্ধান্ত নেয়। তারা ভোটের মাধ্যমে তা বদলায়। তারা ইভিএমের মাধ্যমে তা বদলায়। তবে বাস্তব এটাই যে কংগ্রেস আর কখনও ফিরবে না।' বিজেপির কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বলেন, 'বিজেপি মানুষের মন চুরি করে, ভোট নয়। আর কংগ্রেস শুধু ইভিএমেই নয়, ব্যালট পেপারেও হারছে। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিধান পরিষদের সদস্য নির্বাচনেও সেই ছবি দেখা গিয়েছে।''
উল্লেখ্য, রবিবার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগ তোপ দাগেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন বিরোধী মঞ্চ থেকে কংগ্রেসের নেতার বার্তা, “আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু না। কিন্তু মনে রাখতে হবে, তুমি যেই হও, সংবিধানের থেকে বড় না।” ‘ভোটচুরি’র পরিসংখ্যান তুলে ধরে রাহুল হুঙ্কার দেন, “ইস্তফা তো বটেই, জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” কংগ্রেস নেতার বক্তব্যের পরেই পালটা তোপ দাগল বিজেপি।