ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে 'প্রতারক' মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
Amit Kumar Das
ব্রিটেনের নাগরিক হয়েও বছরের পর বছর ধরে সরকারি সুবিধা ও বেতন নিয়ে যাচ্ছিলেন এক মাদ্রাসা শিক্ষক। এহেন প্রতারণার ঘটনা সামনে আসতেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। উত্তরপ্রদেশের ওই মাদ্রাসা শিক্ষকের ১৮৯.৭৫ বর্গমিটার জমি বাজেয়াপ্ত করেছে তদন্তকারি সংস্থা। যার বাজার মূল্য আনুমানিক ৫৩.৪৬ লক্ষ টাকা।
তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতারণার অভিযোগে অভিযুক্ত ওই শিক্ষকের নাম শামসুল হুদা খান। তিনি উত্তরপ্রদেশের আজমগড়ের মুবারকপুরে এক সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালের ১৯ ডিসেম্বর তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। আইন অনুযায়ী, কোনও ভারতীয় নাগরিক একসঙ্গে দুই দেশের নাগরিক হতে পারেন না। ব্রিটেনের নাগরিকত্ব নেওয়ার জেরে স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যায়। তবে অভিযোগ, নাগরিকত্ব পরিবর্তনের এই তথ্য গোপন করে তিনি ভারতীয় পাসপোর্ট, প্যান, আধার, ভোটার কার্ড ব্যবহার করে একাধিক স্থাবর সম্পত্তি কেনেন।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের ওই মাদ্রাসা শিক্ষকের ১৮৯.৭৫ বর্গমিটার জমি বাজেয়াপ্ত করেছে তদন্তকারি সংস্থা। যার বাজার মূল্য আনুমানিক ৫৩.৪৬ লক্ষ টাকা।
এর সঙ্গেই মাদ্রাসায় শিক্ষকতার কাজ চালিয়ে যান। বেতনের পাশাপাশি বছরের পর বছর ধরে অবসরকালীন সুবিধাও নিতে থাকেন তিনি। উত্তরপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ দপ্তরের তদন্তে জানা গিয়েছে, ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তাঁর চাকরির কোনও যাচাইকরণ হয়নি। তারপরও ২০১৭ সালে স্বেচ্ছাবসর নেন ওই ব্যক্তি। ইডির দাবি, এই সময়কালে বেতন, পেনশন, জিপিএফ বাবদ মোট ৫৩.৪৬ লক্ষ টাকা রাজ্যের কোষাগার থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। এই পুরো অর্থ বেআইনি ভাবে তিনি নিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে।
গোটা ঘটনায় প্রথমে উত্তরপ্রদেশ পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। সেখান থেকেই মামলাটি হাতে নেয় ইডি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ওই অভিযুক্তের একাধিক সম্পত্তিতে তল্লাশি চালায় ইডি। তল্লাশিতে একাধিক নথি তদন্তকারীদের হাতে আসে। এরপরই বাজেয়াপ্ত করা হয় সম্পত্তি। ইডির তরফে আরও জানানো হয়েছে, শামসুল ব্রিটিশ নাগরিক হওয়ার পর পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। তাকে একাধিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে বৈঠকেও দেখা গিয়েছে।