দিল্লি 'দুর্গে' রাহুল থেকে মমতা, লেন্সবন্দি ঘটনাবহুল রাজধানীতে বিরোধীদের 'রামলীলা'
কর্মসূচি উপলক্ষে রামলীলা ময়দানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরের মধ্যেই ১২ একরের মূল রামলীলা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
Amit Kumar Das
06:10 PM Nov 01, 2026 IST
-
-
রবিবার দুপুর ১২টা নাগাদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে রামলীলার উদ্দেশে রওনা দেন ইন্ডি জোটের শীর্ষ নেতৃত্বরা। ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অখিলেশ যাদব এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। হুডখোলা বাসের সামনের সারিতে ছিলেন রাহুল। কেন্দ্রের বিরোধিতায় ‘ইন্ডি’ জোটের কর্মসূচিতে তিনিই যেন মধ্যমণি। পিছনের সারিতে ছিলেন বাকি নেতার।
-
কর্মসূচি উপলক্ষে রামলীলা ময়দানে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরের মধ্যেই ১২ একরের মূল রামলীলা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ ছাড়িয়ে ভিড় ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কনট প্লেস এবং সেন্ট্রাল দিল্লির রাস্তাগুলোতে। অনেক কর্মী-সমর্থককে মাঠের আশেপাশের গাছে উঠে নেতাদের বক্তব্য শুনতে দেখা যায়।
-
সভায় বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন রাহুল গান্ধী। জ্ঞানেশের কর্মকাণ্ডকে দেশদ্রোহিতার সঙ্গে তুলনা করেন। ২০২৪ সালে এনডিএ-র জয়কে অবৈধ বলে দাবি করেন তিনি। বলেন, 'জ্ঞানেশ কুমারকে ইস্থফা দিতেই হবে। জেলে যাবেন উনি।'
-
‘জ্ঞানেশ হটাও’য়ের ডাক দিয়ে মমতা বলেন, 'যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব।' তাঁর কথায়, 'ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।' তাঁর আরও অভিযোগ, 'পশ্চিমবঙ্গে ওরা ভোট লুট করেছে। আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে।'
-
দিল্লি পুলিশের পক্ষ থেকে মাঠের লোক ধারণক্ষমতা প্রায় ৫০,০০০ বলা হলেও বিরোধীদের দাবি ছিল সেখানে লাখ লাখ মানুষ এসেছিলেন। ভিড় সামলাতে ১০,০০০-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয় এবং সিসিটিভি ও ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। ২০০টি বিশেষ এআই ক্যামেরার সাহায্যে পুরো রামলীলা ময়দানকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
Advertisement
Advertisement