shono
Advertisement
Highest Shivling of World

বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ এবার মোদির বারাণসীতে! তৈরি হবে বিশাল পার্ক, মোট খরচ কত জানেন?

কার্যত বদলে গিয়েছে ভারতের অন্যতম তীর্থস্থানের চেহারা। আধুনিক বারাণসী আরও বেশি করে আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের জন্য। সেই আকর্ষণ আরও বাড়াবে এই থিম পার্ক।
Published By: Anwesha AdhikaryPosted: 02:34 PM Jun 09, 2026Updated: 05:26 PM Jun 09, 2026

বিশ্বের উচ্চতম শিবলিঙ্গ স্থাপিত হবে বারাণসীতে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্রে তৈরি হবে শিব থিমের একটি পার্ক। ওই পার্কেই স্থাপিত হবে বিশ্বের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। আগামী বছরের মধ্যেই পার্ক এবং শিবলিঙ্গের নির্মাণ সম্পন্ন হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গোটা প্রকল্পের জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে বারাণসী পৌর নিগম।

Advertisement

পুর কমিশনার হিমাংশু নাগপাল জানিয়েছেন, ভেলুপুর এলাকায় তৈরি হবে এই পার্ক। তার জন্য ২০ একর জমির ব্যবস্থা করেছে জলকল বিভাগ। বিশ্বমানের এই পার্কে থাকবে অত্যাধুনিক পরিকাঠামো। পার্কের একেবারে বসানো হবে শিবলিঙ্গ। তাকে ঘিরে চারপাশে থাকবে হাঁটার জন্য বিশেষ পথ। সেই সঙ্গে থাকবে শিবলিঙ্গের উপর লেজার শো। শিব থিমের উপর ভিত্তি করে তৈরি হওয়া এই পার্কে থাকবে শিশুদের জন্য বিভিন্ন রাইড এবং ফুড কোর্ট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৩০ ফুট উঁচু শিবলিঙ্গ স্থাপন করা হবে এই পার্কে।

শুধু তাই নয়, বারাণসীর নিজস্ব শিল্পকলার একটি আর্ট গ্যালারিও গড়ে তোলা হবে এই পার্কে। সেখানে সাজানো থাকবে বারাণসীর পদ্মসম্মান প্রাপকদের তৈরি করা শিল্পের নানা নিদর্শন। এছাড়াও দেশের নানা প্রান্তের যেসব শিল্পকলা প্রায় বিলুপ্ত হতে বসেছে, সেখানকার নানা জিনিস রাখা হবে এই গ্যালারিতে। আগামী দিনে এই পার্কেই তারামণ্ডল তৈরির পরিকল্পনাও রয়েছে। মনে করা হচ্ছে, আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যে গোটা পার্ক তৈরির কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই পার্ক তৈরির টেন্ডার ডাকা হয়েছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বারাণসীকে 'আমিষমুক্ত' করার কথা জানিয়েছিলেন মেয়র অশোক কুমার তিওয়ারি। শহরের মধ্যে মাছ-মাংসের দোকান থাকবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে বারাণসী পৌর নিগম। তাদের তরফে বলা হয়েছে, শহর থেকে মাছ-মাংসের দোকান সরানোর প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দোকান সরানোর কাজ শুরু হয়ে যাবে। শহরের বাইরে পাঁচটি জায়গা স্থির করা হয়েছে মাছ-মাংসের দোকান বসানোর জন্য। ইতিমধ্যে কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার ঘাট সংস্কার হয়েছে। শুরু হয়েছে ভোর ও সন্ধ্যার সংগঠিত আরতি। কার্যত বদলে গিয়েছে, ভারতের অন্যতম তীর্থস্থানের চেহারা। আধুনিক বারাণসী আরও বেশি করে আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের জন্য। সেই আকর্ষণ আরও বাড়াবে এই থিম পার্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement