'উনি সরকারবিরোধী', দিয়া মির্জার দিওয়ালি সচেতনতার ভিডিও সরানোয় মুখ খুলল প্রশাসন
Anwesha Adhikary
প্রশাসনের অনুরোধে সমাজ সচেতনতামূলক ভিডিও বানিয়েছিলেন। তারপর থেকে মুম্বইয়ের রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে অভিনেত্রী দিয়া মির্জাকে (Dia Mirza Controversy) নিয়ে। তারপরই বিস্ফোরক মন্তব্য করলেন বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ঋতু তাওড়ে। সাফ জানিয়ে দিলেন, দিয়া মির্জা হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী অবস্থান নিয়েছেন বহুবার। সেকারণেই ভিডিও পোস্ট করার পরেও তা সরিয়ে নেওয়া হয়েছে।
ঠিক কী নিয়ে বিতর্ক? কয়েকদিন আগেই বম্বে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, দূষণমুক্ত উৎসব পালন নিশ্চিত করতে পদক্ষেপ করুক মুম্বইয়ের পুরনিগম। তারজন্য প্রয়োজন হলে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে আমজনতার কাছে আবেদন করা যেতে পারে। যেহেতু দিয়া অতীতে বেশ কয়েকবার পরিবেশ সচেতনতা নিয়ে মুখ খুলেছেন, সম্ভবত সেকারণেই তাঁকে বেছে নেওয়া হয় দূষণমুক্ত দীপাবলির বার্তা দেওয়ার জন্য। বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় দিয়ার বার্তা। তাঁর আবেদন ছিল, আমজনতা যেন বাজি না পোড়ান, শব্দদূষণ রোধ করেন।
আরও পড়ুন:
ভিডিও প্রকাশ্যে আসার পরদিনই ক্ষোভ উগরে দেন মুম্বই বিজেপির সভাপতি অমিত সতনাম। সরাসরি দিয়াকে আক্রমণ করে তিনি লেখেন, ‘আমরা কীভাবে দীপাবলি পালন করব সেই নিয়ে দিয়া মির্জার থেকে জ্ঞান শুনতে চাই না। আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উৎসব পালনের সমস্ত রীতিনীতি।’ বিতর্ক বাঁধতেই সরিয়ে দেওয়া হয়েছে দিয়ার ভিডিওটি। পালটা অভিনেত্রী বলেছেন, আদালতের নির্দেশমাফিক তৈরি ভিডিও নিয়ে এত সমালোচনা কীসের? বায়ুদূষণ তো জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
প্রাথমিকভাবে দিয়াকে দিয়ে ভিডিও তৈরি করলেও পরে অবস্থান বদল করল বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেয়র সাফ জানালেন, ধর্মীয় কারণে দিয়ার ভিডিও মোটেই সরানো হয়নি। তিনি অতীতে হিন্দুবিরোধী এবং সরকারবিরোধী অবস্থান নিয়েছেন। প্রোপাগান্ডা ছড়িয়েছেন। তাঁকে বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে ভিডিও পোস্ট করার অনুমতি দেওয়া হবে না, জানিয়েছেন মুম্বইয়ের মেয়র। আগামী দিনে দিয়াকে ব্ল্যাকলিস্ট করার ঘোষণাও করেছেন তিনি। ইতিমধ্যেই বিজেপির একাধিক নেতার তোপের মুখে পড়েছেন অভিনেত্রী।