দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Neha Bora

‘ব্রাত্য’ কানহাইয়া, গান্ধী পরিবারের আলোয় উজ্জ্বল নেহা! কংগ্রেসি ‘ফাঁদ’ এড়াতে পারবেন বাম যুবনেত্রী?

গত শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে নকল সংসদ কর্মসূচি এবং তারপর রবিবার দিল্লি রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশেও বক্তৃতা করার সুযোগ পান নেহা।
Subhodeep Mullick
08:30 PM Nov 03, 2026 IST
গত শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে নকল সংসদ কর্মসূচি এবং তারপর রবিবার দিল্লি রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশেও বক্তৃতা করার সুযোগ পান নেহা।
চর্চায় নেহা-কংগ্রেস সমীকরণ। ছবি: এআই দ্বারা নির্মিত।

এক সময় দেশের বামপন্থী যুবসমাজের অন্যতম পরিচিত মুখ ছিলেন কানহাইয়া কুমার। জ্বালাময়ী বক্তৃতা, রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে রাতারাতি জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলেছিল। ছাত্র আন্দোলনের ময়দান থেকে উঠে এসে অল্প সময়েই তৈরি করেছিলেন নিজস্ব পরিচিতি। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার পর ক্রমশ হারিয়ে যান ‘বামপন্থী’ কানহাইয়া। তাঁকে ঘিরে এক সময় কংগ্রেসে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এখন সেই দলের অন্দরেই তিনি কার্যত ‘গুরুত্বহীন’। তাঁর জায়গায় এখন উথ্থান ঘটছে আরও এক বামপন্থীর। তিনি হলেন নেহা বোরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এখন গোটা দেশের ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি। বেড়েছে গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও।

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছিলেন নেহা। সেই সময় পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে তিনি রাজধানীতে ২৩ দিনের অনশনেও অংশ নেন। দীর্ঘ অনশনের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তবে তাঁদের আন্দোলন সফল হয়েছে। কার্যত চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর একাধিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর সর্বভারতীয় সভাপতি। এই মুহূর্তে দেশের বামপন্থী ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছেন উত্তরাখণ্ডের কন্যা। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দিল্লিতে জ্ঞানেশ বিরোধী মিছিলে রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে নেহা। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে নেহা জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনের অন্যতম মুখও বটে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের শরিক। আবার তাৎপর্যপূর্ণভাবে 'ইন্ডি' জোটের জ্ঞানেশ বিরোধী আন্দোলনেও শামিল হয়েছেন তিনি। সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সুপ্রিম কোর্ট অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। শুধু তাই নয়, রাহুল তাঁকে ঠেলে দিয়েছেন সামনের সারিতে। পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করেন দু'জন। তাছাড়া বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটকও হয়েছেন নেহা।

গত শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে নকল সংসদ কর্মসূচি এবং তারপর রবিবার দিল্লি রামলীলা ময়দানে 'ইন্ডি' জোটের সমাবেশেও বক্তৃতা করার সুযোগ পান নেহা। স্বভাবসিদ্ধ ভঙ্গি, আগুনঝরা ভাষণে তিনি নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় মুখর হন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিরোধীদের এই সমাবেশে 'ব্রাত্য' এক সময়ের মঞ্চ কাঁপানো কানহাইয়া। শুধু তাই নয়, সুযোগ পাচ্ছেন না কংগ্রেসেরই অন্যান্য ছাত্র-যুব নেতারা। যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা।

দেশের ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছেন নেহা। ছবি: সংগৃহীত।

সিপিআই নেতা কানহাইয়াকে একসময়ে হাত ধরে কংগ্রেসে এনেছিলেন রাহুল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েও ছিলেন তিনি। কিন্তু শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয়েছিল কানহাইয়াকে। পরে তাঁকে দলের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও ব্যর্থ। হাত শিবিরের একটি সূত্রের বক্তব্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এনএসইউআইয়ের হারের পর কানহাইয়ার উপর ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে দলের জন্য একটি আসনও ঝুলিতে আনতে পারেননি এই কানহাইয়া। এরপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব আরও কিছুটা বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, কানহাইয়ার সেই শূন্যস্থান এখন পূরণ করছেন বামপন্থী নেহা।

রাহুলের হাত ধরে কংগ্রেসে কানহাইয়া। ছবি: এক্স।

এদিকে নেহার সঙ্গে এই 'ঘনিষ্ঠতা' ভালো চোখে দেখছেন না কংগ্রেসেরই একাংশ। দলের এই 'বামপন্থী ঝোঁকে' অস্বস্তিতে কিছু প্রবীণ নেতা। তাছাড়া সমালোচকদের একাংশ আইসা-কে 'উগ্রপন্থী' বলেও অভিহিত করেন। আবার ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নিজেদের স্বার্থে 'তরুণ তুর্কী'দের কাছে টানা কংগ্রেসের বহু পুরনো চাল। প্রয়োজন ফুরোলে তাঁদের ছুড়ে ফেলে দিতে দ্বিধা বোধ করে না গান্ধী পরিবার। আর এই ফাঁদেই একসময়ে পড়েছিলেন কানহাইয়া। এখন তিনি গুরুত্বহীন। এবার হাত শিবিরের নজরে নেহা। অনেকে তাঁকে 'নতুন কানহাইয়া' বলেও অভিহিত করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কানহাইয়া যে 'ফাঁদে' পড়ে বিপর্যস্ত হয়েছেন, সেই পরিচিত কংগ্রেসি 'ফাঁদ' কি এড়াতে পারবেন নেহা? নাকি তিনিও বলির পাঁঠা হবেন?

যন্তর মন্তর বিক্ষোভে দিল্লি পুলিশের হাতে আটক নেহা। ছবি: রয়টার্স।

তবে এখানে আরও একটি জটিলতা রয়েছে। বাম যুবনেত্রী নেহা উমর খালিদের মুক্তির জন্য জোরাল সওয়াল করেন। যদি তিনি পরে কংগ্রেসে যোগ দেন এবং পরিচিত মুখ হয়ে ওঠেন, তাহলে বিজেপি এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবে না। উমর খালিদ ইস্যুকে কাজে লাগিয়ে কংগ্রেসকে ফের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর দল হিসাবে তুলে ধরবে। অতীতে কানহাইয়ার বিরুদ্ধেও এই একই কৌশল অবলম্বন করেছিল গেরুয়া শিবির। তবে আপাতত নেহা-কংগ্রেস সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CongressKanhaiya Kumarneha boraRahul Gandhi
Advertisement
Tags :
CongressKanhaiya Kumarneha boraRahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন