এবার আপ পঞ্চায়েত প্রধানকে গুলিতে ঝাঁজরা, ভোটমুখী পাঞ্জাবে তলানিতে আইনশৃঙ্খলা
Kishore Ghosh
মাসে কয়েক বাদেই বিধানসভা ভোট। তার আগে পাঞ্জাবে একের পর এক হত্যাকাণ্ড! উঠছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। শনিবার লুধিয়ানায় এক প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে হত্যা করা হয়েছিল। এবার তরন তারন জেলায় আরও একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গুলি করে হত্যা করল দুষ্কৃতী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ইনোভা গাড়িতে চেপে দানা মান্ডি থেকে তুত বাজারে যাচ্ছলেন তুত গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী কুমার। গাড়িতে ছিলেন তাঁর ছেলে ও সহকারী অ্যাকাউন্টটেন্ট। গ্রামে কাছাকাছি পৌঁছতেই বাইকে চেপে গাড়ির জানলার কাছে আসে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী। কিছু বোঝার আগেই অশ্বিনী কুমারকে গুলিতে ঝাঁজরা করে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় অশ্বিনীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত প্রধানের আপ্তসহায়ক চমকাউর সিং। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের পরেই দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁকে চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত শনিবার মানেওয়াল গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান নভতেজ সিংকে গুলি করে হত্যা করেছিল দুষ্কৃতীরা।