ট্রাম্পের হারে বিশ্বজুড়ে খুশির হাওয়া! সেনসেক্সে ২০০০ পয়েন্টের লাফ, কমল তেলের দামও
Anwesha Adhikary
আমেরিকার মিড টার্ম নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বিশ্ববাজারে খুশির জোয়ার। বুধবার ফল ঘোষণা চলাকালীনই ভারতের শেয়ার বাজার (Stock Market) চাঙ্গা হচ্ছিল। বৃহস্পতিবারও সেই ধারা বজায় থাকল দালাল স্ট্রিটে। এদিন বাজার খোলামাত্র সেনসেক্সের সূচক উঠে যায় ১৪০০ পয়েন্ট। অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দামও হু হু করে কমেছে। যুদ্ধের জেরে ব্যারেলপিছু ১০০ ডলারেরও বেশি দাম ছিল। সেটা বৃহস্পতিবার নেমেছে ৯৪ ডলারে।
বুধবার ভারতের শেয়ার বাজার বন্ধ হয় সেনসেক্সের ৭৭৩০১.৪০ পয়েন্টে। আগের দিনের থেকে ৩৮৩.৫৫ পয়েন্ট বেড়ে। বিশ্লেষকদের আশা ছিল, ষাঁড়ের গতি অব্যাহত থাকবে বৃহস্পতিবারও। এদিন বাজার খোলার পর একলাফে ১৩০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। সময় গড়াতে সেনসেক্সের সূচক বেড়ে যায় ২০০০ পয়েন্টেরও বেশি। নিফটির সূচকেও জোয়ার। প্রায় তিনশো পয়েন্ট বেড়েছে নিফটি। ভারতের শেয়ারগুলির প্রায় প্রত্যেকেই রয়েছে লাভের খাতায়। পরিসংখ্যান বলছে, এদিন প্রায় ৮ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে বিনিয়োগকারীদের।
আরও পড়ুন:
শেয়ার বাজারে সাফল্যের পাশাপাশি এদিন বেড়েছে টাকার মূল্যও। বুধবারের তুলনায় ২৯ পয়সা বেড়ে বর্তমানে ডলারের নিরিখে টাকার মূল্য ৯৪.৩৬। অন্যদিকে, সাতমাস ধরে চলা ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছিল তেলের দাম। ট্রাম্পের হারের পর তেলের দামও কমেছে। বৃহস্পতিবার ব্যারেল পিছু তেলের দাম নেমেছে ৯৪ ডলারে। মিড টার্ম নির্বাচনে হারের পর ট্রাম্প ইরান যুদ্ধ থেকে পিছু হঠতে পারেন, এমন আশা করছে বাণিজ্যমহল। সেকারণেই তেলের দামে আপাতত সুরাহা। ভারতের পক্ষেও তেলের দাম কমাটা বিরাট স্বস্তির খবর।
ট্রাম্পের নিজের শেয়ারের অবশ্য বেহাল দশা। কিন্তু গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারের সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে বুধবার, ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়াতে ভর করেই ভারতের বাজারেও ব্যাপক উন্নতি বৃহস্পতিবার। যদিও মঙ্গলবার থেকেই ভারতের বাজারে উন্নতি হয়েছে। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কিছুটা কমেছে সোনার দামও। সবমিলিয়ে ধনতেরাসের আগে বাজারে সুদিন ফিরতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।