'দূষণ মিটবেই নিশ্চয়তা নেই', দীপাবলিতে দিল্লিতে বাজি পোড়ানোয় অনুমতি সুপ্রিম কোর্টের
Anwesha Adhikary
দীপাবলি (Diwali 2026) পালনের অন্যতম অঙ্গ বাজি পোড়ানো। আতসবাজি জ্বালিয়ে আলোর উৎসবে মাতেন আমজনতা। সেই আবেগকে মাথায় রেখেই দিল্লিতে বাজি পোড়ানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কখন কীভাবে বাজি পোড়ানো যাবে, তার সময়সীমা অবশ্য বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, বাজি পোড়ানো নিষিদ্ধ করে দিলে দিল্লির দূষণ সমস্যা মিটবে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য মেলেনি। তাই নিষেধাজ্ঞা চাপানো হল না।
সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লিতে কেবলমাত্র 'গ্রিন ক্র্যাকার' বা পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। দীপাবলির আগের দিন এবং দীপাবলির দিন, অর্থাৎ আগামী ৭ এবং ৮ নভেম্বর বাজি পোড়ানো যাবে। সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত-এই তিন ঘণ্টার মধ্যেই বাজি পোড়াতে পারেন আমজনতা। ৯ নভেম্বর থেকে বাজি পোড়ানো একেবারে বন্ধ করতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে জানানো হয়েছে, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, বৃদ্ধাশ্রমের মতো জায়গার ৩০০ মিটার এলাকায় বাজি পোড়ানো যাবে না।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনের আবেদনকারীদের দাবি ছিল, বাজি পোড়ানোয় সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হোক। কিন্তু সেই আর্জি খারিজ করে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ জানাল, দিল্লির দূষণ রুখতে বাজি পোড়ানো একেবারে নিষিদ্ধ করে দেওয়া হোক, সেটা উত্তম প্রস্তাব। কিন্তু বাজি পোড়ানো নিষিদ্ধ করে দিলে দূষণ সমস্যা মিটবে, সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য আদালতের হাতে নেই। সেকারণেই সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিল শীর্ষ আদালত।
উল্লেখ্য, মাসখানেকা আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দুর্গাপুজো, দিওয়ালি বা অন্য ধর্মীয় উৎসবে বাজি পোড়ানোয় পুরোপুরি নিষেধাজ্ঞা কোনওভাবেই জারি করা হবে না। বাজির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারি করা হলে তা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করবে। আবার সারাদিন ধরে কেউ বাজি পুড়িয়ে যাবে সেটাও হবে না। সেক্ষেত্রে বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। বাজির ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশকে যেমন রক্ষা করতে হবে, তেমনই উৎসবের ঐতিহ্য বজায় রাখতে হবে। সেজন্য একটি মধ্যপন্থার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।