মিলন প্রধানের অন্তবর্তী জামিন মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, অধীর বললেন, 'নৈতিক জয়'
Arpita Mondal
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপই করেনি শীর্ষ আদালত। রাজ্য সরকারকে হাই কোর্টে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী, উপনির্বাচন প্রক্রিয়ার পর ২১ অক্টোবর মিলনকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়াতে মিলন যদি ফের আবেদন করেন, তার বিরুদ্ধে রাজ্য সরকার লড়াই করতে পারবে।
নন্দীগ্রামের উপনির্বাচনে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান তাঁর মনোনয়ন প্রত্যাহার করার পরেই কংগ্রেসকে সমর্থন জানায় মমতার দল। তার কয়েকঘণ্টার মধ্যেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দারস্থ হয়েছিলেন তিনি। মোট ছ'টি মামলায় আদালত তাঁকে তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেয়। বলা হয়, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মিলনকে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।
আরও পড়ুন:
শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, মিলনকে কেন আর পাঁচজন সাধারণ অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে না? নির্বাচনে লড়ছেন বলে তিনি কেন বাড়তি সুবিধা পাবেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, মামলার মেরিট তারা কোনও মন্তব্য করবে না। যদি মিলন জামিনের মেয়াদ বৃদ্ধি করতে চান, সে ক্ষেত্রে রাজ্য সরকারের সামনে সব বক্তব্য রাখার পথ খোলা থাকবে। নন্দীগ্রামে ভোটগণনা আগামী ৯ অক্টোবর। তার আগে মিলন প্রধানের জামিন মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলছেন, "সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়েও মিলন প্রধানের গণতান্ত্রিক অধিকার কাড়তে পারল না রাজ্য সরকার। বারবার তাদের মুখ পুড়েছে। এবার সুপ্রিম কোর্টে নাক কাটা গেল। এটা আমাদের নৈতিক জয় বলে আমি মনে করি।"