মিলনের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, 'আবেদন খারিজ করব', পর্যবেক্ষণ প্রধান বিচারপতির
Sayani Sen
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য়। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁকে জামিন দেয়। একজন প্রার্থী কেন বাড়তি সুবিধা পাবেন, সে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, "আমরা এই আবেদন খারিজ করব। কিন্তু সোমবার শুনানি করে খারিজ করব।"
নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণার দিন কয়েক পরই তাঁকে পুরনো মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। জেল হেফাজতে ছিলেন মিলন প্রধান। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে খুন-সহ মোট ১১টি মামলা ছিল। তার মধ্যে ৬ টি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছিল। বাকি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সওয়াল-জবাবের পর বিচারপতির মন্তব্য ছিল, "জামিন দিয়ে দিচ্ছি, ভোটে উনি লড়াই করুন।”
আরও পড়ুন:
সোমবার চূড়ান্ত রায় ঘোষণার কথা থাকলেও ওইদিন বাকি মামলার চাপে মিলনের আর্জির শুনানি হয়নি। মঙ্গলবার সকাল সকাল মামলার অন্তর্বর্তী রায় দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, খেজুড়ি থানার ২টি এবং নন্দীগ্রামের থানার ৪টি মামলায় অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। মোট ৬টি মামলায় ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। ২০ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ। তদন্তে নিয়মিত সহযোগিতা করতে হবে তাঁকে। প্রতিদিন দু’বার করে পুলিশ ফোন করবে নন্দীগ্রামের প্রার্থীকে। মেয়াদ শেষের পর অর্থাৎ ২১ অক্টোবর মিলনকে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে ৪ অক্টোবর পর্যন্ত প্রচার চলবে। তাতে কোনও বাধা নেই মিলনের। ফলে জেলমুক্ত হয়েই নির্বাচনে লড়তে পারবেন তিনি। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য।