বিয়ের পরই ‘সরকারি অফিসার' বউ পালাল আপ নেতার! গয়নাগাটি নিয়ে পগারপার
Biswadip Dey
পরিচয় দিয়েছিলেন পিসিএস অফিসার হিসেবে। কিন্তু বিয়ের পরই আপ নেতা বুঝতে পারলেন তাঁর স্ত্রী আসলে 'প্রতারক'! গয়নাগাটি ও অন্যান্য দামি জিনিস নিয়ে তিনি পগারপার হয়েছেন বলেই অভিযোগ। এমনই ঘটনায় তোলপাড় পাঞ্জাব।
ঠিক কী ঘটেছে? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপের যুগ্ম সম্পাদক অমরিন্দর সিং মান্দোফালের বিয়ে হয়েছিল অভিযুক্তের সঙ্গে। ওই তরুণী নিজেকে একজন সরকারি অফিসার হিসেবেই পরিচয় দিয়েছিলেন। জানিয়েছিলেন তিনি অবিবাহিত। এমনকী তিনি নিজের বয়সও ভাঁড়িয়েছিলেন বলেও অভিযোগ। ঘুণাক্ষরেও কেউ টের পায়নি তরুণীর আসল উদ্দেশ্য।
আরও পড়ুন:
বিয়ের দিন উপস্থিত ছিলেন পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান থেকে ক্যাবিনেট মন্ত্রী তরুণপ্রীত সিং সাউন্ধের মতো প্রথম সারির রাজনৈতিত ব্যক্তিত্বরাও। তাঁদেরই নাকের ডগায় বিয়ের পর গয়নাগাটি ইত্যাদি নিয়ে পালিয়ে গিয়েছেন অভিযুক্ত।
বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও-ও প্রকাশ্যে এসেছিল সেই সময়ই। রাজনৈতিক নেতাদের নবদম্পতির সঙ্গে আনন্দ করতে এবং ভাংড়া নাচতে দেখা গিয়েছিল। এরপরই সামনে আসে আসল ঘটনা! আর তারপর থেকেই ওই তরুণীর খোঁজ করেতে শুরু করেন অমরিন্দর সিং। দাবি, পরে তিনি জানতে পারেন ওই মহিলা বহুদিন আগেই বিবাহিত! এমনকী, তাঁর নাকি ১৮ বছরের ছেলেও রয়েছে। নিজের পরিচয় ভাঁড়িয়েই প্রতারণা করেন তিনি, এমনই অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই অমরিন্দরের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। স্বাভাবিক ভাবেই এমন এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য স্তরের এমন এক গুরুত্বপূর্ণ নেতাকে এভাবে প্রতারণার ঘটনায় বিতর্কে নতুন পারদ যুক্ত হয়েছে।