রাহুলের রামলীলা সভায় গরহাজির, কাকার শেষকৃত্যে যাওয়ার ‘অপরাধে’ যুবনেতাকে বহিষ্কার ‘অমানবিক’ কংগ্রেসের
Subhodeep Mullick
নিজের কাকার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন। তাই দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সভায় যোগ দিতে পারেননি। এর জেরেই দল থেকে বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতা রোহিত রাজোরিয়াকে। এরপরই সমালোচনার ঝড় উঠেছে।
জানা গিয়েছে, রামলীলার সভায় কংগ্রেসের একঝাঁক নেতাকর্মী গরহাজির থাকায় ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দেশজুড়ে যুব কংগ্রেসের অন্তত ৫০০ নেতাকে শাস্তি দেওয়া হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি রাজ্যের অন্তত ১৮৫ জন কংগ্রেস নেতাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করতে বলা হয়েছে। রোহিতের বহিষ্কারের ঘটনায় হতবাক যুব কংগ্রেসের একাংশ। তাদের মতে, দলের জন্য বহু বছর সময় দেওয়ার পরও কেবল একটি অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণে দল তাঁদের বিরুদ্ধে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহিতকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। তড়িঘড়ি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, "দলের জন্য আমরা আমরা জীবন উৎসর্গ করেছি। আমাদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। এমনকী জেলও খেটেছি। কেবল একটি অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণেই আমাদের সরিয়ে দেওয়া হয়েছে।"
আরও পড়ুন:
সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, "কংগ্রেসের যুব শাখা স্বেচ্ছাচারী আচরণ করছে। অথচ ১৫ বছর ধরে দলের জন্য আমি কাজ করছি। এই দীর্ঘ সময়ে দলের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে আমার বিরুদ্ধে ১৫টি এফআইআর দায়ের হয়েছে। তিন-চারবার জেলেও যেতে হয়েছে।" তিনি যে তাঁর কাকার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন, তার প্রমাণও দেখান রোহিত। বহিষ্কৃত কংগ্রেস নেতা জানান, তিনি তাঁর পরিস্থিতির কথা দলে আগেই জানিয়েছিলেন। তিনি এ-ও বলেছিলেন যে দিল্লিতে যেতে পারবেন না। তারপরই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই সাসপেনশনের সংখ্যাটা পাঁচশোয় পৌঁছতে পারে। বাংলার বেশ কয়েকজন যুবনেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর। রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের ভোট বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। সেখানে ইন্ডিয়া জোটের একাধিক নেতা হাজির ছিলেন। সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি কংগ্রেসের। যদিও সেই দাবি মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, এআই দিয়ে ভিড়ের ছবি বানাচ্ছে হাত শিবির।