মাঝআকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুল্যান্সের দরজা! ঢাকায় জরুরি অবতরণের পরই মৃত্যু কলকাতার প্রৌঢ়ার
Subhodeep Mullick
মাঝআকাশে দুর্ঘটনার কবলে একটি এয়ার অ্যাম্বুল্যান্স। আচমকা খুলে যায় দরজা। তড়িঘড়ি ঢাকায় জরুরি অবতরণ করা হয়। কিন্তু তারপরই এয়ার অ্যাম্বুল্যান্সে থাকা এক ভারতীয় প্রৌঢ়ার মৃত্যু হয়। সূত্রের খবর, তিনি কলকাতার বাসিন্দা। কিন্তু কী কারণে তিনি প্রাণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রবিবার এয়ার অ্যাম্বুল্যান্সটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। ভিতরে ছিলেন রোগী-সহ ৭ জন যাত্রী। এয়ার অ্যাম্বুল্যান্সটি যখন ১২ হাজার ফুট উচ্চতায়, তখন আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আংশিক খুলে যায় এয়ার অ্যাম্বুল্যান্সে দরজা। এরপরই হুলস্থুল পড়ে যায়। পাইলট এয়ার অ্যাম্বুল্যান্সটি জরুরি অবতরণের জন্য তোড়জোড় শুরু করে দেন। যোগাযোগ করেন ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। দুপুর ১টা ৪০মিনিট নাগাদ এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
আরও পড়ুন:
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তড়িঘড়ি রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রৌঢ়ার নাম অঞ্জনা ভৌমিক (৫৪)। কিন্তু তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিমানবন্দরের এক কর্তা বলেন, “অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল না। কিন্তু তা সত্ত্বেও মানবিক কারণে আমরা এয়ার অ্যাম্বুলেন্সটিকে সাহায্য করি।” সূত্রের খবর, অঞ্জনার দেহ দেশে ফেরাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে।