কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে সগৌরবে কলকাতায় পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান। মঙ্গলবার এই নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী প্রতাপরাও যাদব ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেখানে যোগ দিবসের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ। রাজ্যের স্বাস্থ্য ও আয়ুষ দপ্তরের শীর্ষকর্তাদের উপস্থিতিতেই দীর্ঘ বৈঠক হয়। যোগ দিবসের অনুষ্ঠানস্থল হিসাবে ব্রিগেডের দিকে পাল্লা ভারী হলেও রেড রোডের সম্ভাবনা এখনও বাতিল করা হয়নি বলেই জানা গিয়েছে।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যোগ দিবস রাজ্যে এমনভাবে উদযাপিত হোক যাতে গোটা বিশ্বে দৃষ্টান্ত তৈরি হয়। দু’একদিনের মধ্যেই সমগ্র অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত হয়ে যাবে। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের জন্য ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি’-র ডিরেক্টর ডা. প্রলয় শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে যোগ দিবস উদযাপনের ওয়ার রুম। স্কুল-কলেজ, অফিস-কাছারি, সর্বত্রই প্রোটোকল মেনে যোগাভ্যাস শুরু হয়েছে। গিনেস বুকে নাম তোলার প্রস্তুতিও শুরু হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান এই শহর কলকাতাতেই হবে। সেই কথা আগেই ঘোষণা হয়েছে। এবার যোগ দিবসের মূল অনুষ্ঠান বাংলায় হবে। সেই কথা সরকারিভাবে জানানো হয়েছে। রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে চলেছে এই অনুষ্ঠান। আয়ুষ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।
