'চারদিকে মহালয়ার সুর', রীতি মেনে পুজোর উদ্বোধনে উচ্ছ্বসিত দিলীপ
Subhankar Patra
আজ মহালয়া। দেবীপক্ষের সূচনা। বছর ফিরে উমা আসছেন ঘরে। সেজে উঠেছে কলকাতা থেকে শহরতলি, গ্রামের অলিগলি। শনিবার সন্ধ্যায় ইডেনে মহাসমারোহে দুর্গাপুজোর সূচনার অনুষ্ঠান রয়েছে। ৩ হাজার ঢাকের বাদ্যিতে শোনা যাবে আগমনির সুর। তুলে ধরা হবে বাংলার পরম্পরা, দুর্গাপুজোর ইতিহাস। তার আগে এ দিন সকালেই সেই সুর বেঁধে দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "কলকাতাকে সাজানো হচ্ছে শারদীয়ার প্রেক্ষাপটে। রাস্তাঘাটে, ঘরে, বাইরে, পাড়ায় পাড়ায় আর এই মহালয়ার চণ্ডীপাঠের রেকর্ড বাজছে। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। যে দিকে যাচ্ছি শুনছি মহালয়া, শারদীয়ার সুর। এই পরিবেশটা দরকার ছিল।"
সন্ধ্যার অনুষ্ঠানের আগে ইডেনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৬০-৭০ হাজার লোক ভেতরে থাকবে। বিশ্বের লোক দেখবে ইলেকট্রনিক্স মাধ্যমে। তার আগে উচ্ছ্বসিত দিলীপ। এ দিন নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বলেন, "এতদিন বিধি না মেনে দুর্গাপুজোর উদ্বোধন হতো। আজ কাল এবং দু'দিন পর থেকে পুজো উদ্বোধন শুরু হবে। পাড়ায় পাড়ায় শারদীয়ার সুর শোনা যাচ্ছে। ছোট বেলার কথা মনে পড়ে গেল। খোলামনে আনন্দের সঙ্গে যেভাবে দুর্গাপুজো হবে, তার পরিবেশ একটা তৈরি হয়ে গিয়েছে।"
আরও পড়ুন:
অন্যদিকে, পোস্ট করেছেন তৃণমূলের ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর মতে এবার উৎসবের চেনা আবহ তিনি দেখতে পারছেন না। মানুষের উদ্দীপনা নেই। তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'মহালয়ার সকালে কলকাতাকে এমন নিষ্প্রভ আমি আগে কখনও দেখিনি। সেই উত্তেজনা, উৎসবের আমেজ কিংবা দুর্গাপুজোর সেই চিরচেনা উদ্দীপনা—সবই অনুপস্থিত। যে শহরটি একসময় মহালয়ার সকালে জেগে উঠত, আজ তা যেন অদ্ভুতভাবে স্তিমিত হয়ে পড়েছে।'