পিছোচ্ছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, নিশ্চিত করলেন মন্ত্রী, সরকারি বইয়ে থাকছে সম্পূর্ণ বন্দে মাতরম
Jaba Sen
২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে দুই পরীক্ষাই। বুধবার পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। পাশাপাশি রাজ্যের স্কুলপাঠ্যক্রমে একাধিক পরিবর্তনের কথাও ঘোষণা করেন তিনি। এছাড়াও মন্ত্রী জানান, সরকারি পাঠ্যবইয়ে থাকছে সম্পূর্ণ রাষ্ট্রগীত বন্দে মাতরম ও সংবিধানের প্রস্তাবনা।
মন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে জনগণনার কাজ চলবে। তাতে বহু শিক্ষক যুক্ত থাকায় পরীক্ষার আয়োজন নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মাধ্যমিকের সূচি পিছিয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিকও ১৬ মার্চ অথবা দোলযাত্রার পর শুরু করার পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সূচি পরে ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
এদিন সপ্তম ও অষ্টম শ্রেণিতে কম্পিউটার শিক্ষাকে (আইসিটি) পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা জানান মন্ত্রী। ২০২৭ সাল থেকে চালু হবে নতুন বই। তাতে থাকবে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোডিং। সংশ্লিষ্ট স্কুলের কম্পিউটার ইন্সট্রাক্টররাই পড়াবেন এই বিষয়। একইসঙ্গে সপ্তম ও অষ্টম শ্রেণিতে তৃতীয় ভাষার বই (সংস্কৃত, আরবী, হিন্দি) প্রকাশের কথাও জানান তিনি।
সরকারি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রগীত বন্দে মাতরম ও সংবিধানের প্রস্তাব। এদিন মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের বিষয়ও পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। পাঠ্যক্রম থেকে বাদ পড়ছে সিঙ্গুর আন্দোলন। এদিন মন্ত্রী ফের জানিয়ে দেন, কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক করা নিয়ে যদি কোনও রাজ্য সরকার কোনও সমাধান সূত্র দিতে পারে তাহলে সেটাই পশ্চিমবঙ্গ সরকার অনুসরণ করবে।