আপাতত রানওয়ের ধারে নমাজে 'না', ৭ অক্টোবর হাই কোর্টে বাঁকড়া মসজিদ মামলার পরবর্তী শুনানি
Jaba Sen
নিরাপত্তার কারণে বিমানবন্দর চত্বরে থাকা বাঁকড়া মসজিদে আগেই নমাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া মামলায় শুনানিতে সুর চড়াল মামলাকারী ও বিমানবন্দর কর্তৃপক্ষ ও কেন্দ্র। যদিও সব সওয়াল শুনেও এদিন কোনও নির্দেশ দেয়নি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আগামী ৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন বিচারপতি এই নিয়ে কোনও নির্দেশ দিতে পারেন। কিন্তু ততদিন পর্যন্ত মসজিদে বন্ধই থাকবে নমাজ পড়া।
এদিন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আইনজীবী ছিলেন গোপাল মুখার্জি। কিশোর দত্ত জানান, রানওয়ের কাছে থাকা বাঁকড়া মসজিদ আগেই বিমানবন্দর চত্বর সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। তবে ১১ জুলাই হঠাৎ সেখানে নমাজ পড়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয় বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার জন্য এন্ট্রি পাস। বহু বছর থেকে এই মজসিদে নমাজ পড়া হয়। সেখানে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় নমাজ পড়া। কিন্তু সম্প্রসারণের জন্য এখনও পর্যন্ত কেন মসজিদের জমি অধিগ্রহণ হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলেন কিশোর দত্ত।
আরও পড়ুন:
এরপরই আদালতের প্রশ্ন, স্থায়ী ইনজাংশনের জন্য মামলাকারীরা নিম্ন আদালতে কেন যাচ্ছেন না? এরপরেই বাঁকড়া মসজিদে যাতায়াতের জন্য বিকল্প রাস্তার দাবি করেন কিশোর দত্ত। মসজিদে সম্পূর্ণভাবে নমাজ বন্ধ করে দেওয়া সংবিধান বিরোধী বলেও উল্লেখ করেন তিনি। তাঁর সওয়াল, এত বছরে কখনও বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তাহলে এখন কেন এই নিয়ে আপত্তি তোলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। সেই কারণে মসজিদে নমাজ পড়ার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে প্রবেশের সময় নাম নথিভুক্ত করা যেতে পারে বলে পরামর্শ দেন তিনি।
অন্য়দিকে এয়ারপোর্ট অথরিটির বক্তব্য, নমাজপাঠ চালু করা হলে বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি মানুষ ঢুকে পড়তে পারে। এই কারণে বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এটি জাতীয় নিরাপত্তার পরিপন্থী বলে মন্তব্য করেন আইনজীবী গোপাল মুখার্জি। তিনি অনুরোধ করেন সম্পূর্ণ বক্তব্য না শুনে যেন অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া না হয়। দুই পক্ষের সওয়াল শুনে বিচারপতি আগামী ৭ অক্টোবর পরবর্তী শুনানির নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ‘বাঁকড়া মসজিদ’ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যেই ওই মসজিদ রয়েছে। দীর্ঘ সময় ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল। সম্প্রতি সেখানে নমাজপাঠ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। সেই মামলাতে আপাতত হস্তক্ষেপ করল না হাই কোর্ট। পরবর্তী শুনানি হবে ৭ অক্টোবর।