পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি
Subhankar Patra
মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুলে 'সারথী' সাইকেল বিলির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মধুসূদন স্কুল-সহ রাজলক্ষী বালিকা বিদ্যালয়, লিলুয়া শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীর সাইকেল তুলে দিয়েছিলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে বসে খেয়েছিলেন মিড ডে মিলও। মিড ডে মিলের ব্যবস্থাপনা নিয়ে স্কুলের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই বুধবার ব্যাঁটরা ও দুই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রুই মাছ ও রসগোল্লা পাঠালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মধুসূদন স্কুলের ৬ জন মিড ডে মিলের মহিলা কর্মীদের পুজোর উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের শাড়ি ও ৫০০ টাকা করে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বুধবার ৮৫০পিস রুই মাছ পাঠান মুখ্যমন্ত্রী। সঙ্গে রসগোল্লা। মাছ রান্না করা হয় মধুসূদন পাল চৌধুরী স্কুলেই। সেখানে ডেকে নেওয়া হয় রাজলক্ষী বালিকা বিদ্যালয়, লিলুয়া শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। বুধবার ওই স্কুলে গিয়ে দেখা গেল, ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরি স্কুলের মিড ডে মিলের ঘরে মুখ্যমন্ত্রীর পাঠানো রুই মাছের কালিয়া রান্না হচ্ছে। মি ডে মিলের পাতে ভাত, তরকারি মাছের কালিয়ার সঙ্গে পড়েছে মুখ্যমন্ত্রীর পাঠানো রসগোল্লাও। তিন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একসঙ্গে বসে খেয়েছেন।
আরও পড়ুন:
এই প্রসঙ্গে ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরি স্কুলের প্রধান শিক্ষক জানালেন, ‘‘বুধবার সকালেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী খুশি হয়ে তিনটি স্কুলের জন্য মাছ ও রসগোল্লা পাঠাচ্ছেন। একটু বেলার দিকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে রুই মাছ ও মিষ্টি এসে পৌঁছয় স্কুলে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা তাঁর দপ্তরে পাঠিয়েছি।"