shono
Advertisement
West Bengal Weather Update

অবশেষে মিলল সুখবর, দু'দিনের মধ্যেই রাজ্যে ঢুকছে বর্ষা! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তা

ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সপ্তাহ জুড়ে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
Published By: Jaba SenPosted: 11:09 AM Jun 09, 2026Updated: 01:32 PM Jun 09, 2026

রাজ্যে বর্ষা প্রবেশ এবার শুধু সময়ের অপেক্ষা। দুই দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। এর ফলে গরমজনিত অস্বস্তি কিছুটা কমবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন রাজ্যে বৃষ্টির কারণে কিছুটা কমেছে গরম ও অস্বস্তি। আগামী কয়েকদিনে তা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

ইতিমধ্যেই কেরলে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। আগামী দুদিনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বর্ষা ঢুকে পড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। এছাড়াও সিকিম এবং প্রতিবেশী রাজ্য ওড়িশাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যেতে পারে। উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সপ্তাহ জুড়ে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙেও। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে আবার কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি জেলায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement