বাংলার শিল্পীর পোশাকে অকল্যান্ডের মঞ্চে নজরকাড়া শ্রেয়া, তৈরি করতে কত সময় লেগেছে?
Sayani Sen
শুধু মনে নয়, পরনে আদ্যোপান্ত বাংলার ছোঁয়া। বাংলার শিল্পীর তৈরি পোশাকে অকল্যান্ডে অনুষ্ঠান মঞ্চ মাতালেন শ্রেয়া ঘোষাল। সোশাল মিডিয়ায় পোশাকটির ছবি শেয়ার করলেন উচ্ছ্বসিত সঙ্গীতশিল্পী। কীভাবে পোশাকটি তৈরি হল, বিশেষত্বই বা কী, তা-ও তুলে ধরলেন তিনি।
শ্রেয়া ঘোষালের পরনে ছিল করসেট। ম্যাজেন্ডা রঙের এই পোশাকটিতে গায়িকাকে যে মানিয়েছেন দারুণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ঊর্ধ্বাঙ্গের টপটিতে ঠাসা কাঁথাস্টিচ। ম্যাজেন্ডার উপরে সাদা সুতোর কাজে টপটি অসাধারণ। নিচে প্যান্টটি পুরোটাই সরু সরু প্লিটেড। সঙ্গে একটি ওড়না। যা গলা থেকে পিঠের দিকে বিস্তৃত। ওড়নাটি একটি সুন্দর মুক্তোর ব্রোচ দিয়ে আটকানো।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শ্রেয়া নিজেই পোশাকটির ইতিবৃত্ত জানিয়েছেন। বীরভূমের নানুরের বিবিজি এবং তাঁর সহশিল্পীরা মিলে পোশাকটি তৈরি করেছেন। টপটির উপরে কাঁথাস্টিচের কাজটি করতে সময় লেগেছে ৬ দিন। প্যান্টের প্লিট তৈরিতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে গিয়েছে। পোশাকটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে সবমিলিয়ে ২০ জন শিল্পী কাজ করেছেন।
পোশাকটি পরে মুগ্ধ শ্রেয়া। তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "একজন বাঙালি হিসাবে এই পোশাকটি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি কাঁথাস্টিচ দেখে বড় হয়েছি। আর সেটি অকল্যান্ডের অনুষ্ঠানে পড়লাম। শিকড়ের সঙ্গে জুড়ে থাকার এর চেয়ে বড় সুযোগ আর কী-ই বা হতে পারে।"
পোশাকের সঙ্গে মানানসই গয়নাগাটিও পরেছেন তিনি। বাঁ হাতে মুক্তোর ব্রেসলেট। সঙ্গে আংটি। ডানহাতে হাতপদ্ম। সেটিতেও রয়েছে মুক্তোর ছোঁয়া। কানে মুক্তোর ঝোলা দুল। হালকা মেকআপে অনবদ্য শ্রেয়া। মোহময়ী শ্রেয়ার এই সাজই এখন নেটপাড়ায় ভাইরাল। তাঁর পোশাক নিয়ে চলছে আলোচনা।