দুধের দাঁত পড়ার বয়সে হার্টের চিন্তা? ১০ বছরেই কোলেস্টেরল পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞের
Pritimoy Roy Burman
হৃদরোগ কি শুধুই বড়দের অসুখ? সেই ধারণা বদলে দিচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। কম বয়সে হার্ট অ্যাটাক, এমনকী আচমকা হৃদরোগে মৃত্যুর ঘটনাও বাড়াচ্ছে উদ্বেগ। অথচ অনেকের শরীরেই শৈশব থেকে লুকিয়ে থাকে হৃদযন্ত্রের সমস্যা, যা ধরা পড়ে অনেক দেরিতে। তাই ১০ বছর বয়সেই শিশুদের কোলেস্টেরল পরীক্ষা করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞরা।
৫০-এর আগেই হার্ট অ্যাটাক!
ভারতে প্রায় ৫০ শতাংশ হার্ট অ্যাটাক হয় ৫০ বছরের কম বয়সিদের। অর্থাৎ, হৃদরোগকে এখন আর প্রবীণদের অসুখ বলা যাবে না। গত ১৫ বছরে হৃদরোগের প্রকোপ প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনেক সময় জন্মগত বা বংশগত হৃদযন্ত্রের সমস্যা অজানা থেকে যায়। পরে আচমকা মৃত্যুর ঘটনায় সামনে আসে সেই অসুখের কথা। তাই শৈশব থেকেই হৃদস্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
রোগা শরীরেও জমতে পারে বিপজ্জনক মেদ
স্থূলতা মানেই শুধু শরীরের ওজন বেড়ে যাওয়া নয়। শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গের চারপাশে জমে থাকা মেদ, অর্থাৎ, ভিসেরাল ফ্যাট, যা সব থেকে বেশি চিন্তার কারণ। বাইরে থেকে রোগা বা স্বাভাবিক ওজন মনে হলেও শরীরে অতিরিক্ত মেদ থাকতে পারে। এই মেদ ইনসুলিনের কার্যকারিতায় বাধা দেয়। বাড়ায় টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের আশঙ্কা। তাই শুধু ওজন মেপে সুস্থতার বিচার করলে চলবে না। শরীরে মেদ ও পেশির অনুপাতও বুঝতে হবে।
কোমরের মাপেই মিলতে পারে বিপদের ইঙ্গিত
পেটের মেদ কতটা জমছে, তার একটা ধারণা দিতে পারে কোমরের মাপ। পুরুষদের ক্ষেত্রে ৩৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৩২ ইঞ্চির বেশি কোমরের মাপ সতর্ক সংকেত। এর সঙ্গে রয়েছে আরও কয়েকটি অভ্যাস, যা হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মদ্যপান, দীর্ঘক্ষণ বসে থাকা, মানসিক চাপ, স্থূলতা ও বায়ুদূষণ- এই সাতটি বিষয় হৃদরোগের আশঙ্কা বাড়াতে পারে।
শিশুর হৃদযন্ত্রেও নজরদারি জরুরি
শৈশবে চিকিৎসা না হওয়া হৃদরোগ পরবর্তী সময়ে বড় সমস্যার কারণ হতে পারে। তাই ১০ বছর বয়সে কোলেস্টেরল পরীক্ষা করে বংশগত কোলেস্টেরলের সমস্যা চিহ্নিত করার পরামর্শ দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। তবে প্রত্যেক শিশুর ইকোকার্ডিয়োগ্রাম করানোর প্রয়োজন নেই। পরিবারের কারও কম বয়সে হৃদরোগ বা আকস্মিক মৃত্যুর ইতিহাস থাকলে বা খেলাধুলা বা শরীরচর্চার সময় হাঁপিয়ে যাওয়া, বুকে ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন রয়েছে ইকোকার্ডিয়োগ্রাম-সহ অন্যান্য পরীক্ষা।
শুধু জিম নয়, দরকার সার্বিক শরীরচর্চা
পেশি তৈরি করতে শুধু জিমে গিয়ে ওজন তোলাই হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করে না। দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার বা অন্য ধরনের ব্যায়ামও প্রয়োজন। পাশাপাশি পেশি মজবুত করার ব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জরুরি। খাবারের ধরন, পরিমাণ এবং সামগ্রিক খাদ্যাভ্যাসই আসল।
চিকিৎসকদের বক্তব্য, হৃদরোগ ঠেকানোর লড়াই শুরু হওয়া উচিত অনেক আগে থেকেই। ওজনের কাঁটায় চোখ রাখার পাশাপাশি শরীরের ভিতরে জমা মেদ, কোলেস্টেরল ও অন্যান্য ঝুঁকির দিকেও নজর দিতে হবে। বিশেষত শিশুদের ক্ষেত্রে সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা ভবিষ্যতের বিপদ এড়াতে সাহায্য করতে পারে।