এক মিনিটের দেরিও হতে পারে বিপজ্জনক! বিশ্ব স্ট্রোক দিবসে সচেতনতার বার্তা ডিসানের
Pritimoy Roy Burman
স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। উপসর্গ চিহ্নিত করতে দেরি হলে যেমন বাড়তে পারে বিপদের আশঙ্কা, তেমনই সময়মতো চিকিৎসা শুরু হলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ে। এই বার্তাই আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল কলকাতার ডিসান হসপিটাল।
স্ট্রোকের ঝুঁকি যাচাইয়ের কিয়স্ক চালু করার পাশাপাশি আয়োজন করা হয় স্বাস্থ্য সচেতনতা শিবির এবং স্ট্রোক থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরা ভাগ করে নেন তাঁদের সুস্থজীবনে ফেরার অভিজ্ঞতা।
আরও পড়ুন:
ডিসান হসপিটাল আয়োজিত সচেতনতা কর্মসূচিতে রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলেন চিকিৎসকেরা। উপস্থিত ছিলেন কনসালট্যান্ট নিউরোসার্জন ডা. পার্থসারথি মণ্ডল, ডা. রূপন্তকুমার দাস, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডা. মনীশ কুমার, রেডিওলজিস্ট ডা. অমৃতা চক্রবর্তী, এমার্জেন্সি বিভাগের প্রধান ডা. মনজিৎ কৌর এবং হসপিটালের সিনিয়র মেডিক্যাল ডিরেক্টর ডা. সুজয়রঞ্জন দেব। স্ট্রোকের ঝুঁকির কারণ, প্রাথমিক সতর্কতা লক্ষণ, প্রতিরোধের উপায় এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হসপিটালে পৌঁছনোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তাঁরা।
এই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ওপিডিতে স্ট্রোক রিস্ক অ্যাসেসমেন্ট কিয়স্ক চালু করা। এর মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করাই হসপিটালের লক্ষ্য।
চিকিৎসা থেকে পুনর্বাসন
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্ট্রোক থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের নিয়ে আয়োজিত আলোচনাসভা। সেখানে নিজেদের চিকিৎসার অভিজ্ঞতা, সুস্থ হয়ে ওঠার লড়াই এবং স্বাভাবিক জীবনে ফেরার যাত্রার কথা তুলে ধরেন রোগীরা। স্ট্রোকের পরবর্তী পর্যায়ে চিকিৎসা, পরিচর্যা এবং পুনর্বাসনের গুরুত্বও উঠে আসে এই আলোচনায়।
এ দিন ‘ফ্রম ইআর টু ওয়ার্ড’ শীর্ষক একটি বিশেষ পর্বে বক্তব্য রাখেন এমার্জেন্সি বিভাগের প্রধান ডা. মনজিৎ কৌর। স্ট্রোকের উপসর্গ নিয়ে রোগী হসপিটালে পৌঁছনোর পর জরুরি ভিত্তিতে তাঁর মূল্যায়ন, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং হসপিটালের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। স্ট্রোকের চিকিৎসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি প্রতিটি পর্যায়ে সঠিক পদক্ষেপ যে কতটা জরুরি, তা তুলে ধরা হয় এই পর্বে।
নির্ভুল রোগ নির্ণয়ে জোর
অনুষ্ঠানে স্ট্রোক আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কেস প্রেজেন্টেশন করেন ডা. পার্থসারথি মণ্ডল ও ডা. রূপন্তকুমার দাস। ইন্টারভেনশনাল রেডিওলজির ভূমিকা ব্যাখ্যা করেন ডা. মনীশ কুমার। অন্য দিকে, স্ট্রোকের চিকিৎসায় রেডিওলজি এবং প্রয়োজনীয় ইমেজিং পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন ডা. অমৃতা চক্রবর্তী। দ্রুত পরীক্ষা, নির্ভুল রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং পরবর্তী পুনর্বাসন, এই প্রতিটি ধাপই রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উঠে আসে।
হসপিটালের সিনিয়র মেডিক্যাল ডিরেক্টর ডা. সুজয়রঞ্জন দেব বলেন, স্ট্রোক একটি জরুরি চিকিৎসাগত পরিস্থিতি, যেখানে প্রতিটি মিনিটের গুরুত্ব রয়েছে। সতর্কতামূলক লক্ষণগুলি চিনতে পারা এবং দেরি না করে হাসপাতালে পৌঁছনো চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ডিসান হসপিটালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্তের কথায়, রোগীকে সুস্থজীবনে ফেরাতে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত জরুরি। স্ট্রোকের ঝুঁকি নির্ণয়ের কিয়স্ক চালু করা এবং স্ট্রোক থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্দেশ্য হল মানুষকে স্নায়বিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করা। দ্রুত চিকিৎসা শুরু হলে প্রাণ বাঁচানো সম্ভব, পাশাপাশি স্ট্রোকের দীর্ঘমেয়াদি প্রভাবও কমানো যেতে পারে।