দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Electronic Implant for Diabetes

ট্যাবলেট, ইনসুলিনের ঝক্কি ছাড়াই বশে ডায়াবেটিস? শরীরে বসানো যন্ত্রেই কমবে রক্তের বাড়তি শর্করা!

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণই নয়, শরীরে অতিরিক্ত মেদ জমার প্রবণতা কমাতেও সাহায্য করতে পারে এই প্রযুক্তি।
Pritimoy Roy Burman
09:20 PM Nov 04, 2026 IST
শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণই নয়, শরীরে অতিরিক্ত মেদ জমার প্রবণতা কমাতেও সাহায্য করতে পারে এই প্রযুক্তি।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে আরও সহজ? ছবি: এআই

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন ও ওষুধের বদলে এ বার বিদ্যুতের ব্যবহার! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব প্রযুক্তি তৈরি করেছেন সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীরা। তাঁদের তৈরি অতি ক্ষুদ্র একটি ইলেকট্রনিক ইমপ্ল্যান্ট বিদ্যুতের সাহায্যে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে এমন এক পদার্থে পরিণত করতে পারে, যা মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণই নয়, শরীরে অতিরিক্ত মেদ জমার প্রবণতা কমাতেও সাহায্য করতে পারে এই প্রযুক্তি। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষায় মিলেছে ইতিবাচক ফল। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘সায়েন্স’-এ। তবে মানুষের শরীরে এই প্রযুক্তির কার্যকারিতা এখনও পরীক্ষিত নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ইনসুলিনের থেকে আলাদা
সাধারণত ইনসুলিনের কাজ হল রক্ত থেকে গ্লুকোজ শরীরের কোষে পৌঁছে দিতে সাহায্য করা, যাতে তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হতে পারে। কিন্তু নতুন এই ইমপ্ল্যান্টের কাজের ধরন সম্পূর্ণ আলাদা। এটি রক্তে অতিরিক্ত গ্লুকোজকে সরাসরি গ্লুকোনেট নামের একটি পদার্থে রূপান্তরিত করে। পরে কিডনির মাধ্যমে মূত্রের সঙ্গে সেই পদার্থ শরীর থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ, অতিরিক্ত শর্করাকে শরীরে জমিয়ে রাখা বা ব্যবহারের বদলে বের করে দেওয়ার পথ তৈরি করছে এই প্রযুক্তি।

সুইৎজারল্যান্ডের ইটিএইচ জুরিখের বায়োটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মার্টিন ফুসেনেগারের নেতৃত্বে গবেষকরা এই যন্ত্র তৈরি করেছেন। এর মূল উপাদান গ্রাফাইট ফেল্ট। তার উপর রয়েছে সোনার অতি ক্ষুদ্র কণার স্তর, যার উপর আবার প্ল্যাটিনামের আরও ছোট কণা বসানো হয়েছে। বিদ্যুৎ সরবরাহ করলেই এই উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজকে গ্লুকোনেটে পরিণত করে। এই প্রক্রিয়ায় জীবিত কোষ, এনজাইম বা জিনগত ভাবে পরিবর্তিত কোনও উপাদানের প্রয়োজন হয় না।

যন্ত্রেই নিয়ন্ত্রণ!  ছবি: প্রতীকী

শর্করা বাড়লেই সক্রিয়
ইমপ্ল্যান্টটির সঙ্গে যুক্ত রয়েছে একটি বিশেষ ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। ত্রিমাত্রিক বা থ্রি-ডি প্রযুক্তিতে তৈরি একটি আবরণের মধ্যে সেটিকে রাখা হয়েছে। তার কাজ চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎও সরবরাহ করা যায় তারবিহীন পদ্ধতিতে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যন্ত্রটি নিজে থেকেই প্রয়োজন অনুযায়ী সক্রিয় ও নিষ্ক্রিয় হতে পারবে। এর জন্য ব্যবহার করা হবে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং (সিজিএম) সেন্সর। ডায়াবেটিস রোগীরা যে ধরনের সেন্সরের সাহায্যে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ করেন, এটিও সেই প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে।

সেন্সর শরীরে গ্লুকোজের মাত্রা নিরন্তর মাপবে। নির্দিষ্ট সীমার উপরে শর্করা পৌঁছলে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন বা স্মার্টওয়াচে সংকেত যাবে। সেই অনুযায়ী ইমপ্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। সক্রিয় হয়ে গ্লুকোজকে গ্লুকোনেটে রূপান্তরিত করবে যন্ত্রটি। আবার শর্করার মাত্রা নির্দিষ্ট সীমায় ফিরে এলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থাকে বলা হয় ক্লোজড-লুপ সিস্টেম। এর উদ্দেশ্য, প্রয়োজনের সময়েই যন্ত্রটিকে সক্রিয় রাখা এবং রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার আশঙ্কা এড়ানো।

প্রয়োজন ফুরল? ছবি: সংগৃহীত

ওজনও কমেছে
প্রথমে পরীক্ষাগারে পাঁচ লিটার গ্লুকোজযুক্ত পুষ্টিদ্রবণে যন্ত্রটির কার্যকারিতা যাচাই করেন গবেষকরা। এর পর টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের শরীরে ইমপ্ল্যান্টটি বসিয়ে পরীক্ষা চালানো হয়। তাতে দেখা যায়, রক্তে গ্লুকোজের ভারসাম্য ফেরাতে সাহায্য করছে যন্ত্রটি। পাশাপাশি প্রাণীগুলির বিপাকক্রিয়াতেও পরিবর্তন এসেছে।

পরীক্ষায় ইঁদুরগুলির ওজন কমেছে। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও হ্রাস পেয়েছে। শরীরের শক্তি উৎপাদনের জন্য বিপাকপ্রক্রিয়া আরও বেশি করে ফ্যাট ব্যবহারের দিকে ঝুঁকেছে। ছ-সপ্তাহ ধরে পর্যবেক্ষণে দেখা গিয়েছে, এই সময়েও ইমপ্ল্যান্টটি কার্যকর ছিল। বিদ্যুৎ বা তাপের প্রভাবে শরীরের টিস্যুতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণও মেলেনি।

এখনই ইনসুলিনের বিকল্প নয়
রক্তে অতিরিক্ত শর্করা এবং ওজন বৃদ্ধি, টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে এই দুই সমস্যার উপরই একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি করেছে নতুন প্রযুক্তিটি। বিশেষত যাঁদের ডায়াবেটিসের পাশাপাশি অতিরিক্ত ওজনের সমস্যাও রয়েছে, তাঁদের চিকিৎসায় ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

তবে আশাব্যঞ্জক ফল মানেই চিকিৎসায় অবিলম্বে প্রয়োগ নয়। এখনও পর্যন্ত এই ইমপ্ল্যান্টের পরীক্ষা হয়েছে পরীক্ষাগার ও ইঁদুরের শরীরে। মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। ফলে মানবদেহে এর নিরাপত্তা, কার্যকারিতা, দীর্ঘমেয়াদি প্রভাব এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। তাই আপাতত ইনসুলিন বা প্রচলিত ডায়াবেটিসের ওষুধের বিকল্প হিসেবে একে দেখার সুযোগ নেই। তবে ভবিষ্যতের ডায়াবেটিস চিকিৎসায় বিদ্যুৎনির্ভর এই প্রযুক্তি যে নতুন সম্ভাবনার দরজা খুলেছে, তা বলাই যায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DiabetesHealth TipsType2Diabetes
Advertisement
Tags :
DiabetesHealth TipsType2Diabetes

নিয়মিত খবরে থাকতে ফলো করুন