চনমনে থাকতে এনার্জি ড্রিঙ্কে চুমুক? থমকাতে পারে হৃদস্পন্দন! গবেষণায় ভয় ধরানো তথ্য
Pritimoy Roy Burman
রাত জেগে কাজ করতে হবে বা জিমে দীর্ঘক্ষণ শরীরচর্চার আগে চাই বাড়তি এনার্জি। কাউকে আবার দুপুরের ক্লান্তি কাটিয়ে ফের কাজে মন দিতে হবে। এমন পরিস্থিতিতে অনেকেরই ভরসা এনার্জি ড্রিঙ্ক। ক্যাফিনসমৃদ্ধ এই পানীয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কিন্তু শরীরে এনার্জি জোগানোর এই অভ্যাসই অজান্তে বিপদ ডেকে আনছে না তো?
নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ক্যাফিন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত পানীয় এবং সাপ্লিমেন্টের সঙ্গে হৃদযন্ত্রের গুরুতর সমস্যার যোগসূত্র মিলেছে। এমনকী, এ ধরনের পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের হার অন্য পণ্যের তুলনায় প্রায় ১১ গুণ বেশি।
আরও পড়ুন:
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর কাছে জমা পড়া পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত রিপোর্ট বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। আরও উদ্বেগের বিষয়, এই ধরনের পণ্যের সঙ্গে সম্পর্কিত হৃদরোগের রিপোর্টের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের। অর্থাৎ, যে বয়সে শরীরের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি, সেই বয়সিদের মধ্যেই দেখা যাচ্ছে উদ্বেগজনক প্রবণতা।
গবেষণায় কী দেখা গেল?
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপিত এই গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে এফডিএ-র নিরাপত্তা সংক্রান্ত তথ্যভাণ্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট খতিয়ে দেখা হয়। এর মধ্যে ৮৫৪টি রিপোর্ট ছিল এনার্জি ড্রিঙ্ক এবং ক্যাফিন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত খাদ্য-পরিপূরক সংক্রান্ত। বাকি ২৭ হাজার ৪৯১টি রিপোর্টে এই ধরনের উপাদান ছিল না।
বিশ্লেষণে দেখা গিয়েছে, ক্যাফিন ও উত্তেজক উপাদানযুক্ত পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের হার প্রায় এগারো গুণ বেশি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে প্রায় সাড়ে চার গুণ। অস্বাভাবিক হৃদ্স্পন্দন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া এবং বুক ধড়ফড়ের হারও প্রায় চার গুণ বেশি। এ ছাড়া হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা প্রায় তিন গুণ বাড়ে, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রায় দ্বিগুণ।
ক্যাফিনেই কি বাড়ে বিপদ?
ক্যাফিন শরীরকে সাময়িক ভাবে চনমনে করে, ঘুমের ভাব কাটায় এবং সতর্কতা বাড়ায়। কিন্তু অতিরিক্ত মাত্রায় এই উপাদান শরীরে প্রবেশ করলে হৃদ্স্পন্দন ও রক্তচাপের উপর প্রভাব পড়তে পারে। এনার্জি ড্রিঙ্কের ক্ষেত্রে সমস্যা আরও জটিল। কারণ, এতে অনেক সময় বেশি মাত্রায় ক্যাফিনের পাশাপাশি একাধিক উত্তেজক উপাদান মেশানো থাকে।
চিকিৎসকদের কথায়, এনার্জি ড্রিঙ্ক শুধু শরীরের এনার্জি বা সতর্কতা বাড়ায় না, হৃদ্যন্ত্রের উপরেও প্রভাব ফেলতে পারে। এতে থাকা অতিরিক্ত ক্যাফিন এবং অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্যন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপে বিঘ্ন ঘটাতে পারে। এর ফলে অনিয়মিত হৃদ্স্পন্দনের আশঙ্কা অনেকটাই বেড়ে যায়।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, কিছু এনার্জি ড্রিঙ্কে ক্যাফিনের পরিমাণ সাধারণ কফির তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে। শরীরচর্চার আগে খাওয়ার জন্য তৈরি কিছু সাপ্লিমেন্টে ক্যাফিনের ঘনত্ব আরও বেশি। অনেক তরুণ শরীরচর্চার আগে এই ধরনের পানীয় বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। কেউ কেউ আবার অ্যালকোহল বা অন্য উত্তেজক উপাদানের সঙ্গেও এগুলি মিশিয়ে নেন। এতে হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
কারা থাকবেন বেশি সতর্ক?
বিশেষজ্ঞের পরামর্শ, এনার্জি ড্রিঙ্ক অতিরিক্ত পরিমাণে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্কতা প্রয়োজন। জিম বা শরীরচর্চার আগে এই ধরনের পানীয় না খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। অ্যালকোহল বা অন্য উত্তেজক উপাদানের সঙ্গে এনার্জি ড্রিঙ্ক মিশিয়ে খাওয়াও এড়িয়ে চলা উচিত।
উচ্চ রক্তচাপ, ঘন ঘন বুক ধড়ফড় বা আগে থেকে হৃদরোগের সমস্যা থাকলে এ ধরনের পানীয় গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বুকে ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া বা তীব্র বুক ধড়ফড়ের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা চলবে না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
যোগসূত্র, নাকি সরাসরি কারণ?
গবেষণার ফলাফল উদ্বেগজনক হলেও এনার্জি ড্রিঙ্ক খেলেই কার্ডিয়াক অ্যারেস্ট হবে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। গবেষকরা স্পষ্ট করেছেন, এই বিশ্লেষণে একটি যোগসূত্রের ইঙ্গিত মিলেছে, সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণিত হয়নি। ফলে এনার্জি ড্রিঙ্ক পানকারীদের মধ্যে প্রকৃতপক্ষে কত জনের হৃদরোগ হচ্ছে, তা এই তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়। তা ছাড়া, গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে। পূর্ণাঙ্গ গবেষণাপত্র হিসেবে বিশেষজ্ঞদের মূল্যায়ন হয়নি।
তবু এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সারাদিনে একাধিক ক্যাফিনযুক্ত পানীয় বা সাপ্লিমেন্ট গ্রহণের অভ্যাস থাকলে নিজের মোট ক্যাফিন গ্রহণের পরিমাণ সম্পর্কে সচেতন হওয়া জরুরি। সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাঝেমধ্যে পরিমিত পরিমাণে এনার্জি ড্রিঙ্ক পান করলেই বিপদ হবে, এমন প্রমাণ নেই। কিন্তু নিয়মিত অতিরিক্ত ক্যাফিন গ্রহণ এড়ানোই ভালো। কারণ, সাময়িক চনমনে ভাবের চেয়ে হৃদযন্ত্রের সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।