গরমে অতিরিক্ত হাঁসফাঁস, ঠান্ডায় লাগামহীন কাঁপুনি! কোন অসুখে ওয়েদার চেঞ্জ হয়ে ওঠে প্রাণঘাতী?
Pritimoy Roy Burman
প্রচণ্ড গরম বা হাড়কাঁপানো ঠান্ডা, দুই-ই শরীরের জন্য বিপজ্জনক। তবে সকলের ক্ষেত্রে ঝুঁকি সমান নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘস্থায়ী অসুখ বা ক্রনিক ডিজিজে ভুগছেন এবং আর্থসামাজিকভাবেও পিছিয়ে, তাঁদের বিপদের আশঙ্কা অনেক বেশি।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, এই দু'ধরনের ঝুঁকি একসঙ্গে থাকলে চরম তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত মৃত্যুর হার অন্যদের তুলনায় দশ গুণেরও বেশি হতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘নেচার কমিউনিকেশনস’ পত্রিকায়।
আরও পড়ুন:
জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। অন্যদিকে, চরম ঠান্ডার ঘটনা কিছুটা কমলেও তার স্বাস্থ্যঝুঁকি এখনও রয়েছে। গবেষকদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে পাল্লা দিয়ে চরম তাপমাত্রার কারণে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।
অসুখ থাকলে বাড়ে বিপদ
গরমে ঘাম ও রক্তনালির প্রসারণের মাধ্যমে শরীর অতিরিক্ত তাপ বের করে দেয়। ঠান্ডায় রক্তনালি সংকুচিত হয় এবং শরীরের ভিতরে তাপ উৎপাদন বাড়ে। কিন্তু দীর্ঘস্থায়ী অসুখ থাকলে শরীরের এই স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিশেষত ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির অসুখ ও ক্যানসারে আক্রান্তদের ক্ষেত্রে চরম আবহাওয়া সামলানো কঠিন হয়ে পড়ে। তার উপর বাড়িতে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, শীতাতপ নিয়ন্ত্রণ বা ঘর গরম রাখার ব্যবস্থা না থাকলে ঝুঁকি আরও বাড়ে।
২.৮ লক্ষ মানুষের তথ্য বিশ্লেষণ
এই গবেষণায় ফিনল্যান্ডের ২ লক্ষ ৭৫ হাজার ৭৬৩ জন এবং ব্রিটেনের ৯ হাজার ৬৮১ জন প্রাপ্তবয়স্কের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন গবেষকরা। ১৭ ধরনের দীর্ঘস্থায়ী অসুখের ভিত্তিতে শারীরিক ঝুঁকি এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক ঝুঁকি বিচার করা হয়।
ফিনল্যান্ডে সাত দিনের গড় তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে মৃত্যুর হার স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১.৪ গুণ বেশি ছিল। অন্যদিকে, গড় তাপমাত্রা মাইনাস ১১.৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে মৃত্যুর হার ১.১ গুণ বেশি দেখা যায়।
দুয়ের ধাক্কায় দশ গুণেরও বেশি ঝুঁকি
গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যাঁদের দীর্ঘস্থায়ী অসুখের পাশাপাশি আর্থসামাজিক প্রতিকূলতাও রয়েছে, তাঁদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত গরম ও ঠান্ডার সঙ্গে সম্পর্কিত মৃত্যুর হার দশ গুণেরও বেশি। ফিনল্যান্ড ও ব্রিটেন, দু'দেশের তথ্যেই এই প্রবণতা দেখা গিয়েছে। ফিনল্যান্ডে এমন ঝুঁকির মধ্যে ছিলেন ১৫ হাজার ৩২৬ জন, ব্রিটেনে ৩৫৪ জন।
অর্থাৎ, শারীরিক অসুস্থতার সঙ্গে প্রয়োজনীয় সুরক্ষার অভাব যুক্ত হলে চরম আবহাওয়ার ধাক্কা সামলানো আরও কঠিন হয়ে ওঠে। তবে গবেষণাটি পর্যবেক্ষণমূলক।
বিশ্ব উষ্ণায়নে বাড়বে মৃত্যুর বোঝা?
গবেষকদের জলবায়ু মডেল অনুযায়ী, বিশ্ব উষ্ণায়নের মাত্রা প্রায় ১ ডিগ্রি থেকে বেড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে চরম তাপমাত্রার কারণে মোট মৃত্যুর অনুপাত প্রায় ১ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশেরও বেশি হতে পারে। অর্থাৎ, প্রায় পাঁচ গুণ বৃদ্ধির আশঙ্কা। গরমের কারণে মৃত্যুর সংখ্যা বাড়লে ঠান্ডাজনিত মৃত্যুর সম্ভাব্য হ্রাসও সেই ক্ষতি সামাল দিতে পারবে না বলে মনে করছেন গবেষকরা।
গবেষণায় আরও দেখা গিয়েছে, ফিনল্যান্ডে চরম গরমের সময়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির হার ৫ শতাংশ বেড়েছিল। ঠান্ডার সময়ে তা ৯ শতাংশ কমে। তবে ঠান্ডায় যাতায়াতের অসুবিধার কারণেও হাসপাতালে যাওয়ার সংখ্যা কমতে পারে।
গবেষকদের মতে, চরম আবহাওয়া মোকাবিলায় দীর্ঘস্থায়ী অসুখে আক্রান্ত ও আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ গুরুত্ব দিতে হবে। উন্নত বাসস্থান, শীতাতপ নিয়ন্ত্রণ, ঘর গরম রাখার ব্যবস্থা এবং দ্রুত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই হতে পারে বিপদ কমানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ।