ভাত-ডাল বারবার গরম করে খাচ্ছেন? স্বাদের আড়ালে পেটে ঢুকছে বিষাক্ত টক্সিন!
Pritimoy Roy Burman
আগের দিনের ডাল, ফ্রিজে রাখা ভাত বা দুপুরের বেঁচে যাওয়া তরকারি। রাতে খাবারের আগে অনেকেই সেগুলি ফের গরম করে নেন। কেউ কেউ একই খাবার দু’-তিনবার গরম করেও খান। ধারণা, ভালো করে ফুটিয়ে বা গরম করে নিলেই খাবারের যাবতীয় জীবাণু মরে যাবে।
কিন্তু বাস্তবে ছবিটা এত সহজ নয়। কারণ, খাবার কতবার গরম করা হচ্ছে, তার পাশাপাশি কীভাবে ঠান্ডা করা হচ্ছে, কতক্ষণ বাইরে থাকছে এবং কীভাবে সংরক্ষণ করা হচ্ছে, তার উপরেও নির্ভর করে খাবারের নিরাপত্তা। অসতর্কতায় এই প্রতিটি ধাপেই বাড়তে পারে ব্যাকটেরিয়ার বংশবিস্তার এবং ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা।
আরও পড়ুন:
চিকিৎসকদের কথায়, বারবার খাবার গরম করার ফলে খাদ্যবাহিত সংক্রমণ ও ফুড পয়জনিংয়ের ঝুঁকি বাড়তে পারে। বিশেষত খাবার ঠান্ডা করা, সংরক্ষণ করা এবং পুনরায় গরম করার পদ্ধতিতে ভুল থাকলে বিপদ বেশি। অর্থাৎ, শুধু খাবার গরম করলেই যে তা জীবাণুমুক্ত হয়ে যাচ্ছে, এমন ধারণা ঠিক নয়।
তাপমাত্রার ওঠানামায় বাড়ে বিপদ
রান্না করা খাবার দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পড়ে থাকলে তাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে। স্যালমোনেলা, ই কোলাই এবং ব্যাসিলাস সেরিয়াসের মতো জীবাণু খাবারের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। বিশেষত রান্নার পর খাবার ঠান্ডা করে দীর্ঘক্ষণ বাইরে রেখে ফের গরম করার অভ্যাস বিপজ্জনক হতে পারে।
এ প্রসঙ্গে চিকিৎসকরা জানাচ্ছেন, খাবার কতবার গরম করা হচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল, জীবাণুর বংশবিস্তারের অনুকূল তাপমাত্রায় খাবার কতক্ষণ থাকছে।
তবে বিপদের এখানেই শেষ নয়। কিছু ব্যাকটেরিয়া খাবারের মধ্যে বিষাক্ত পদার্থ বা টক্সিন তৈরি করতে পারে। যেমন, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং ব্যাসিলাস সেরিয়াস। এই ব্যাকটেরিয়াগুলির তৈরি কিছু টক্সিন সাধারণ তাপে পুনরায় গরম করলেও নষ্ট হয় না। ফলে খাবার ভালো করে ফুটিয়ে বা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করলেও তা নিরাপদ হয়ে উঠবে, এমন নিশ্চয়তা নেই। সংরক্ষণের সময়ই যদি খাবারে টক্সিন তৈরি হয়ে যায়, তা হলে পরবর্তী সময়ে গরম করেও সেই বিপদ পুরোপুরি এড়ানো সম্ভব নয়।
মাইক্রোওয়েভে খাবার গরম করার সময়ও বিশেষ সতর্কতা প্রয়োজন। খাবার না নাড়িয়ে বা পাত্র না ঘুরিয়ে গরম করলে সর্বত্র সমান তাপ পৌঁছয় না। ফলে কিছু অংশ যথেষ্ট গরম হলেও অন্য অংশ তুলনায় ঠান্ডা থেকে যেতে পারে। এই অংশে ক্ষতিকর জীবাণু বেঁচে থাকার আশঙ্কা থাকে।
শরীর কীভাবে জানান দেয়?
দূষিত খাবার খাওয়ার পর বমি বমি ভাব, বমি, পেটে মোচড়, পেটব্যথা, ডায়েরিয়া ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। অতিরিক্ত বমি বা ডায়েরিয়ার কারণে শরীরে জলের ঘাটতি তৈরি হয়ে ডিহাইড্রেশনও হতে পারে। পায়খানার সঙ্গে রক্ত পড়া, বারবার বমি, তীব্র ডিহাইড্রেশন, জ্বর বা অসহ্য পেটব্যথা হলে কোনওভাবেই বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
খাবার রাখার নিয়ম জানুন
তবে আগের দিনের খাবার খেলেই অসুস্থ হতে হবে, এমন নয়। সঠিকভাবে সংরক্ষণ ও গরম করার নিয়ম মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়। খাবার দ্রুত ঠান্ডা করা, পরিচ্ছন্নভাবে সংরক্ষণ এবং পর্যাপ্ত তাপে পুনরায় গরম করা অত্যন্ত জরুরি।
রান্না শেষ হওয়ার দু’ঘণ্টার মধ্যে খাবার ফ্রিজে রাখতে হবে। বড় পাত্রে না রেখে ছোট ও অল্প গভীর পাত্রে রাখলে খাবার দ্রুত ঠান্ডা হয়। ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে রাখা উচিত। রান্না করা খাবার দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় ফেলে রাখা চলবে না। একবারে যতটা প্রয়োজন, ততটাই আলাদা করে গরম করুন। খাবারের ভিতরের তাপমাত্রা অন্তত ৭৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনো নিশ্চিত করতে হবে। মাইক্রোওয়েভে গরম করলে মাঝেমধ্যে খাবার নেড়ে দিন, যাতে সব অংশে সমান তাপ পৌঁছয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই খাবার বারবার ঠান্ডা করে গরম করার অভ্যাস বন্ধ করুন। খাবার বাঁচাতে গিয়ে যেন স্বাস্থ্যের ঝুঁকি না বাড়ে, সে দিকেও নজর রাখা জরুরি।