পুজোর আবহে মণিপাল হসপিটাল ইএম বাইপাসে 'দুর্গতিনাশিনী', স্তন ক্যানসার নিয়ে সচেতনতার বার্তা
Pritimoy Roy Burman
দুর্গতিনাশিনী শুধু অসুরদলনকারী দেবী নন, নিজের শরীর ও স্বাস্থ্যের সুরক্ষায় প্রতিটি নারীর নিজের মধ্যেও রয়েছে সেই শক্তি। সেই বার্তাকেই সামনে রেখে স্তন ক্যানসার সচেতনতা মাসে বিশেষ উদ্যোগ নিল মণিপাল হসপিটাল ইএম বাইপাস। 'দুর্গতিনাশিনী- নিজের দুর্গতিনাশিনী নিজেই', এই উদ্যোগের লক্ষ্য নিজের শরীরকে জানা, স্তনে অস্বাভাবিক কোনও পরিবর্তন হলে তা দ্রুত শনাক্ত করা এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া।
উৎসবের মরশুমে নারীশক্তির প্রতীক দুর্গার ভাবনাকেই এই প্রচারের সঙ্গে যুক্ত করা হয়েছে। সচেতনতা বাড়ানোর এই উদ্যোগে উপস্থিত ছিলেন পরিচালক ও চিত্রনাট্যকার নন্দিতা রায় এবং ২০১১ সালের মিসেস ইন্ডিয়া রিচা শর্মা।
আরও পড়ুন:
হসপিটালের তরফে জানানো হয়েছে, স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই শুরু হয় রোগ ধরা পড়ার আগেই। নিজের শরীরের স্বাভাবিক পরিবর্তনকে জানা, কোনও পরিবর্তন হলে তা বুঝতে পারা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছনোই সচেতনতার প্রথম ধাপ। সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সুযোগও থাকে অনেক বেশি।
দেরি হলেই কঠিন লড়াই
মণিপাল হসপিটাল মুকুন্দপুরের সার্জিক্যাল অঙ্কোলজির সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ডা. নেহা চৌধুরী বলেন, ‘দুর্গতিনাশিনী’-র বার্তা শুধুমাত্র স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। মহিলাদের নিজেদের স্বাস্থ্যের সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়াই এই উদ্যোগের মূল কথা। তাঁর মতে, ক্যানসারের চিকিৎসায় চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি রোগীর মানসিক শক্তি এবং পরিবার, বন্ধু ও পরিচর্যাকারীদের পাশে থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মণিপাল হসপিটাল ইএম বাইপাসের সার্জিক্যাল অঙ্কোলজির কনসালট্যান্ট ডা. পূজা আগরওয়ালের কথায়, স্তন ক্যানসারের ক্ষেত্রে রোগ যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসার ফল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ৪০ বছরের বেশি বয়সি মহিলাদের বছরে একবার ম্যামোগ্রাম করানোর পরামর্শ দেন তিনি। কম বয়সি মহিলাদেরও নিয়মিত নিজের স্তনের কোনও অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রায় ৬১ শতাংশের ক্ষেত্রে রোগ অনেকটা অ্যাডভান্স স্টেজে পৌঁছনোর পর তা শনাক্ত হয়। সামাজিক নানা কারণের পাশাপাশি সচেতনতার অভাবও এর অন্যতম কারণ। তাই রোগের লক্ষণ সম্পর্কে জানা এবং সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হচ্ছে।
চিকিৎসার সঙ্গে প্রয়োজন নিজের যত্ন
স্তন ক্যানসারের চিকিৎসা শুধু অস্ত্রোপচারে শেষ হয় না। রোগীর শারীরিক অবস্থা, রোগের পর্যায় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা হয়। অস্ত্রোপচার হোক বা অন্য কোনও চিকিৎসা, একাধিক বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসার উপর গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে রোগীর নিজের যত্ন, সঠিক পুষ্টি এবং মানসিক সহায়তাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।
মণিপাল কমপ্রিহেনসিভ ক্যানসার কেয়ার সেন্টার, ব্রডওয়ে ও মুকুন্দপুর, কলকাতার ডিরেক্টর ডা. সৌরভ দত্ত বলেন, স্তন ক্যানসার নিয়ে সচেতনতা শুধু একটি মাসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। নিজের শরীরকে বোঝা, কোনও পরিবর্তন হলে তা চিনতে পারা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অভ্যাস তৈরি করাই এই উদ্য়োগের মূল লক্ষ্য। দ্রুত রোগ শনাক্ত হলে চিকিৎসার পুরো প্রক্রিয়াতেই তার গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে।
এই উদ্যোগ ভয় দেখাতে নয়, সচেতনতার সঙ্গে স্তন ক্যানসারকে মোকাবিলার। বর্তমানে চিকিৎসাধীন এবং ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের অভিজ্ঞতায় উঠে এসেছে, সঠিক চিকিৎসার পাশাপাশি পরিবার-পরিজনের পাশে থাকা ও সহযোগিতা তাঁদের মানসিক শক্তি বাড়িয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।
পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার
স্তন ক্যানসারকে সাধারণত মহিলাদের রোগ হিসেবেই দেখা হয়। কিন্তু পুরুষদেরও এই রোগ হতে পারে। ঘটনা তুলনামূলক বিরল হলেও বুক বা স্তনের অংশে অস্বাভাবিক গাঁট বা অন্য কোনও পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়।
৬২ বছরের কলকাতার বাসিন্দা অশোক চক্রবর্তীর ক্ষেত্রেও ডান দিকের বুকে একটি শক্ত গাঁট থেকেই শুরু হয়েছিল চিকিৎসার পথ। চিকিৎসকের পরামর্শে প্রথমে হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু হয়। তাতে সাড়া মিললেও, রোগী পুরোপুরি সেরে ওঠেনি। এরপর চিকিৎসকেরা সম্পূর্ণ স্তন অপসারণের অস্ত্রোপচারের পরামর্শ দেন।
বর্তমানে অশোকবাবু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও হরমোনের চিকিৎসাও চলছে। তাঁর অভিজ্ঞতা আরও একবার মনে করিয়ে দেয়, স্তন ক্যানসার নিয়ে সচেতনতা শুধু মহিলাদের বিষয় নয়। নারী বা পুরুষ, বুক বা স্তনের অংশে কোনও অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।