ম্যারাথন শেষে মৃত্যু ৩৬ বছরের যুবকের, নিয়মিত দৌড়েও লুকিয়ে ঝুঁকি? কোন বিষয় মাথায় রাখবেন?
Pritimoy Roy Burman
সুস্থ থাকতে দৌড়, শরীরকে ফিট রাখতে দীর্ঘ অনুশীলন। কিন্তু সেই দৌড়ই কি কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে? পরপর দু’টি মর্মান্তিক ঘটনা ঘিরে সামনে এসেছে এমনই উদ্বেগজনক প্রশ্ন। হায়দরাবাদে ৪২.২ কিলোমিটারের ম্যারাথন শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩৬ বছরের এক তথ্যপ্রযুক্তি কর্মী। অন্যদিকে, নিউ ইয়র্ক ম্যারাথনের ফিনিশিং লাইনের দু’মাইল আগে মৃত্যু হয় ২৪ বছরের এক তরুণী।
দু’জনেই ছিলেন শরীরচর্চায় অভ্যস্ত। দীর্ঘ প্রস্তুতি নিয়েই নেমেছিলেন ম্যারাথনে। তবু শেষরক্ষা হয়নি। তাহলে কি অতিরিক্ত শারীরিক ধকল কখনও সুস্থ, ফিট মানুষের জীবনেও এমন বিপর্যয় ডেকে আনতে পারে?
আরও পড়ুন:
পদক নেওয়ার পরই লুটিয়ে পড়লেন যুবক
হায়দরাবাদের মানিকোন্ডার আলকাপুর কলোনির বাসিন্দা কোম্মিনেনি গোপী আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। ১ নভেম্বর, গাচিবোলি স্টেডিয়ামে আয়োজিত অষ্টম হায়দরাবাদ হাই-টেক ফুল ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। ৪২.২ কিলোমিটারের কঠিন দৌড় সফলভাবে শেষ করে সংগ্রহ করেন ফিনিশারের পদক। তার পর প্রাতরাশের জায়গায় যাওয়ার সময়ই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ৩৬ বছরের যুবক।
আয়োজকেরা দ্রুত তাঁর কাছে পৌঁছে হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস সচল রাখার জরুরি পদ্ধতি (সিপিআর) প্রয়োগ করেন। পরে তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়ে থাকতে পারে তাঁর।
ফিনিশিং লাইনের আগেই থামল জীবন
অন্যদিকে, নিউ ইয়র্ক ম্যারাথনেও ঘটে আরও এক মর্মান্তিক ঘটনা। ২৪ বছরের র্যাচেল আপা প্রথমবার ম্যারাথনে অংশ নেওয়ার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন। শরীরও ছিল সম্পূর্ণ সুস্থ বলে দাবি তাঁর পরিবারের।
র্যাচেলের মা মিশেল আপা ম্যারাথনের পথে উপস্থিত ছিলেন। দৌড়ের ১৪ মাইলের মাথায় মেয়ের একটি ভিডিও রেকর্ড করেন তিনি। সেখানে হাসিমুখেই দেখা গিয়েছিল র্যাচেলকে। পেনসিলভানিয়ার লুইসবেরিতে বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে মেয়ের দৌড়ের অগ্রগতি নজরে রাখছিলেন বাবা স্টিভ। ১৮ ও ১৯ মাইল অতিক্রম করার পর মেয়ের সঙ্গে বার্তাও বিনিময় হয়েছিল তাঁর। কিন্তু তার পর আর কোনও উত্তর আসেনি।
ম্যারাথনের ২৪ মাইলের মাথায় সেন্ট্রাল পার্কে আচমকা লুটিয়ে পড়েন র্যাচেল। ফিনিশিং লাইনের তখনও প্রায় দু’মাইল বাকি। শুরু করা হয় দ্রুত সিপিআর। পরে চিকিৎসাকর্মীরা পৌঁছলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা ছ'ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
র্যাচেলের বাবার কথায়, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে র্যাবডোমায়োলাইসিস নামে বিরল একটি শারীরিক জটিলতা তৈরি হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। এই অবস্থায় পেশির কোষ ভেঙে গিয়ে তার উপাদান রক্তপ্রবাহে মিশে যায়। তাতে কিডনি-সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে। তবে নিউ ইয়র্কের মেডিক্যাল এগজামিনারের দফতর এখনও তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
অতিরিক্ত ধকলেই কি হৃদ্যন্ত্রে বিপর্যয়?
নিয়মিত দৌড় হৃদ্যন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কিন্তু ম্যারাথনের মতো দীর্ঘ দৌড়ের ক্ষেত্রে শরীরের উপর চাপের মাত্রা অনেকটাই আলাদা। ঘণ্টার পর ঘণ্টা পেশিতে অক্সিজেন পৌঁছে দিতে হৃদ্যন্ত্রকে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে রক্ত পাম্প করতে হয়। ফলে হৃদ্স্পন্দন ও রক্ত সঞ্চালনের উপর বাড়তি চাপ তৈরি হয়।
শরীরে আগে থেকে কোনও অজানা হৃদ্রোগ থাকলে এই অতিরিক্ত পরিশ্রম বিপদের কারণ হতে পারে। করোনারি ধমনিতে ব্লক, হৃদ্যন্ত্রের বৈদ্যুতিক সংকেতের গোলমাল বা গঠনগত ত্রুটি অনেক সময় কোনও স্পষ্ট উপসর্গ ছাড়াই থেকে যায়। নিয়মিত শরীরচর্চা করেন বা বাইরে থেকে যথেষ্ট ফিট দেখায়, এমন ব্যক্তির ক্ষেত্রেও এই সমস্যাগুলি অজানা থাকতে পারে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, ম্যারাথন ও ট্রায়াথলনের মতো দীর্ঘস্থায়ী সহনশীলতার পরীক্ষায় কিছু ক্ষেত্রে হৃদ্রোগ, আচমকা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং হৃদ্স্পন্দনের ছন্দে গোলমালের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষত যাঁদের পর্যাপ্ত প্রস্তুতি নেই বা আগে থেকে হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। তবে এই ধরনের ঘটনা বিরল। অধিকাংশ মানুষের ক্ষেত্রে নিয়মিত ও পরিমিত শরীরচর্চার উপকারিতা সম্ভাব্য ঝুঁকির তুলনায় অনেক বেশি।
পেশি ভাঙলেও বিপদ হতে পারে
দীর্ঘক্ষণ অত্যন্ত কষ্টসাধ্য ব্যায়াম বা দৌড়ের ফলে বিরল ক্ষেত্রে র্যাবডোমায়োলাইসিস হতে পারে। এতে পেশির কোষ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায় এবং মায়োগ্লোবিন-সহ বিভিন্ন উপাদান রক্তে মিশে যায়। এই মায়োগ্লোবিন কিডনির ক্ষতি করতে পারে। গুরুতর ক্ষেত্রে কিডনি বিকল হওয়া, রক্তে খনিজ লবণের ভারসাম্য নষ্ট হওয়া এবং হৃদ্স্পন্দনের ছন্দে গোলমালের মতো জটিলতাও দেখা দিতে পারে।
দীর্ঘক্ষণ দৌড়ের সময় ঘামের সঙ্গে শরীর থেকে জল ও খনিজ লবণ বেরিয়ে যায়। ফলে তৈরি হতে পারে জলশূন্যতা ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা। আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল পান করলেও রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। দু'ক্ষেত্রেই গুরুতর শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।
কোন লক্ষণ দেখলে থামবেন?
দৌড়নোর সময় বা শেষ করার পরে বুকে ব্যথা বা অস্বস্তি, অস্বাভাবিক শ্বাসকষ্ট, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা আচমকা বুক ধড়ফড়ের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা চলবে না। পেশিতে অস্বাভাবিক ব্যথা, দুর্বলতা, ফোলা বা গাঢ় রঙের প্রস্রাবও র্যাবডোমায়োলাইসিসের সতর্কবার্তা হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ম্যারাথনে নামার আগে ধাপে ধাপে অনুশীলনের মাত্রা বাড়ানো, প্রয়োজনমতো হার্টের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীরের সক্ষমতার বাইরে গিয়ে দৌড়নো বা পর্যাপ্ত বিশ্রাম ছাড়া কঠিন অনুশীলন বিপদ ডেকে আনতে পারে।
হায়দরাবাদ ও নিউ ইয়র্কের দু’টি মৃত্যু মনে করিয়ে দিল, ফিট থাকলেই যে হৃদ্যন্ত্র বা শরীরের অন্য অঙ্গ সম্পূর্ণ বিপদমুক্ত, এমনটা নয়। শরীরচর্চা সুস্থতার জন্য জরুরি, কিন্তু নিজের শারীরিক সীমা বোঝা এবং বিপদের সংকেত চেনাও সমান গুরুত্বপূর্ণ।