প্রেশারের ওষুধ খেতে ভুললেই বিপদ! হার্ট ও মস্তিষ্কের কত বড় ক্ষতি হতে পারে জানেন?
Pritimoy Roy Burman
উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত ওষুধ খাওয়ার বিকল্প নেই। অথচ রোজকার ব্যস্ততায় কখনও ওষুধ খেতে ভুলে যান অনেকে। কেউ আবার শরীরে কোনও অস্বস্তি না থাকলে নিজের সিদ্ধান্তেই দু’-একদিন ওষুধ বন্ধ রাখেন। ধারণা, একদিন ওষুধ না খেলে কী আর এমন হবে! কিন্তু এই অভ্যাসই ডেকে আনতে পারে বিপদ। বিশেষ করে যাঁদের দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ওষুধে অনিয়মের পরিণতি হতে পারে গুরুতর।
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অবহেলা করার সুযোগ নেই। দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, মস্তিষ্ক, কিডনি ও চোখের উপর তার প্রভাব পড়ে। বাড়তে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর এবং কিডনির অসুখের আশঙ্কা।
আরও পড়ুন:
অনেকের ক্ষেত্রে খাদ্যাভ্যাসে পরিবর্তন, শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণ করেও রক্তচাপ স্বাভাবিক রাখা সম্ভব হয় না। তখন চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খেতে হয়। এই ওষুধ কখনও রক্তনালিকে শিথিল করে, কখনও শরীরে অতিরিক্ত তরলের পরিমাণ কমিয়ে, আবার কখনও হৃদস্পন্দনের উপর প্রভাব ফেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
এক দিন ওষুধ বাদ পড়লে কী হয়?
একটি ডোজ বাদ পড়লেই যে সঙ্গে সঙ্গে বড় কোনও বিপদ ঘটবে, এমন নয়। তবে ওষুধের কার্যকারিতা কমে গেলে রক্তচাপ আবার বাড়তে পারে। কারও ক্ষেত্রে মাথাব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দেয়। আবার অনেকের শরীরে কোনও অস্বস্তিই হয় না। কিন্তু উপসর্গ না থাকলেই যে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে, তা ভাবা ভুল। কারণ উচ্চ রক্তচাপ অনেক সময় কোনও লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি করতে থাকে।
বারবার ওষুধ বাদ দিলে কী হতে পারে?
সমস্যা বাড়ে যখন ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনিয়ম অভ্যাসে পরিণত হয়। বারবার ডোজ বাদ পড়লে রক্তচাপ ওঠানামা করতে পারে। দীর্ঘদিন তা নিয়ন্ত্রণের বাইরে থাকলে রক্তনালির দেওয়ালে ক্রমাগত চাপ পড়ে। রক্তনালি ধীরে ধীরে শক্ত ও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়ে একাধিক অঙ্গে। যেমন-
- হৃদযন্ত্র: হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিওরের আশঙ্কা বাড়ে।
- মস্তিষ্ক: স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।
- কিডনি: কিডনির রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে তার কার্যক্ষমতা কমতে পারে।
- চোখ: চোখের সূক্ষ্ম রক্তনালির ক্ষতি হয়ে দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে।
ওষুধ খেতে ভুলে গেলে কী করবেন?
ওষুধ খেতে ভুলে গেলে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে। তবে সব রক্তচাপের ওষুধের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়।
- ওষুধ খাওয়ার কথা মনে পড়লে প্রথমেই দেখে নিন পরবর্তী ডোজের সময় কতটা বাকি।
- পরবর্তী ডোজের সময় কাছাকাছি হলে সাধারণত বাদ পড়া ডোজটি এড়িয়ে যেতে হয়।
- বাদ পড়া ডোজের সঙ্গে একসঙ্গে দ্বিগুণ ওষুধ খাবেন না।
- একাধিক দিন ওষুধ খাওয়া বন্ধ থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
- বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র থাকলে রক্তচাপ পরীক্ষা করুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা পরিবর্তন করবেন না।
কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?
ওষুধ বাদ পড়ার পর বুকে তীব্র ব্যথা বা চাপ, হঠাৎ শ্বাসকষ্ট, আচমকা তীব্র মাথাব্যথা, শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া বা দুর্বলতা, কথা বলতে অসুবিধা বা দৃষ্টিশক্তিতে আকস্মিক পরিবর্তন হলে অপেক্ষা করবেন না। দ্রুত জরুরি চিকিৎসার ব্যবস্থা করুন। বিশেষ করে রক্তচাপ ১৮০/১২০ বা তার বেশি হলে, অন্তত এক মিনিট পর আবার মাপুন। এই মাত্রার সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা স্নায়বিক উপসর্গ থাকলে তা জরুরি অবস্থা।
মনে রাখবেন, উচ্চ রক্তচাপের ওষুধ জ্বর বা মাথাব্যথার ওষুধের মতো প্রয়োজনমতো খাওয়ার বিষয় নয়। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে নিয়মিত খেতে হয়। শরীরে কোনও উপসর্গ নেই বলে ওষুধ বন্ধ করা বা নিজের ইচ্ছায় ডোজ কমানো বিপজ্জনক হতে পারে। কারণ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা মানে শুধু আজকের সমস্যা সামলানো নয়, ভবিষ্যতে হৃদযন্ত্র, মস্তিষ্ক ও কিডনিকে সুস্থ রাখারও প্রস্তুতি।