দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
World Stroke Day

বিশ্ব স্ট্রোক দিবস: রাত জেগে স্ক্রল, ঘুমে কোপ! অজান্তেই স্ট্রোকের দিকে এগোচ্ছেন?

দীর্ঘদিন ঘুমের ঘাটতি শুধু ক্লান্তি নয়, রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে।
Pritimoy Roy Burman
02:46 PM Oct 29, 2026 IST
দীর্ঘদিন ঘুমের ঘাটতি শুধু ক্লান্তি নয়, রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে।
কম ঘুমে বাড়ে স্ট্রোকের সম্ভাবনা! ছবি: এআই।

রাত জেগে মোবাইলে রিল দেখা, কাজের চাপে দেরি করে ঘুমতে যাওয়া বা একেক দিন একেক সময় ঘুমানোর অভ্যাস, জানেন শরীরের উপর কতটা প্রভাব ফেলছে? দীর্ঘদিন ঘুমের ঘাটতি শুধু ক্লান্তি নয়, রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। আর উচ্চ রক্তচাপ স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। আজ বিশ্ব স্ট্রোক দিবসে তাই প্রশ্ন, ঘুমের অনিয়ম কি অজান্তেই বাড়াচ্ছে স্ট্রোকের আশঙ্কা?

কম ঘুমে বাড়তে পারে রক্তচাপ
মাঝেমধ্যে রাত জাগলেই স্ট্রোক হবে, বিষয়টা এমন নয়। তবে নিয়মিত প্রয়োজনের তুলনায় কম ঘুম শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, ঘুমের ঘাটতি শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়াতে পারে। এর ফলে প্রদাহ ও রক্তচাপ বৃদ্ধির প্রবণতা দেখা দিতে পারে। সুস্থ অবস্থায় ঘুমের সময় সাধারণত রক্তচাপ কিছুটা কমে আসে। দীর্ঘদিন ঘুমের অনিয়ম এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে সতর্ক হওয়া জরুরি। এগুলি স্ট্রোকের পরিচিত ঝুঁকির কারণ। ঘুমের সমস্যা থাকলে এই অসুখগুলির নিয়ন্ত্রণও কঠিন হতে পারে।

চোখে ঘুম নেই! ছবি: প্রতীকী।

শুধু ঘুমের সময় নয়, নিয়মও গুরুত্বপূর্ণ
এক দিন রাত ১২টায়, পরের দিন রাত ৩টেয় ঘুমতে যাওয়া, এমন অভ্যাস শরীরের নিজস্ব জৈবঘড়িতে প্রভাব ফেলতে পারে। এই জৈবঘড়ি ঘুম ও জেগে থাকার সময়, হরমোন নিঃসরণ এবং বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।

চিকিৎসকদের কথায়, নিয়মিত কম ঘুম শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া বাড়াতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া অনিয়মিত ঘুম শরীরের জৈবঘড়ি ব্যাহত করে রক্তচাপ ও বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

তবে শুধু শোয়ার সময় বদলালেই সরাসরি স্ট্রোক হয়, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই। ঘুমের সময়, গুণমান এবং শারীরিক অবস্থাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হলে সতর্ক হোন
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমন একটি সমস্যা, যেখানে ঘুমের মধ্যে বারবার শ্বাসনালি আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে আসে। এতে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে পারে, ঘুম বারবার ভাঙে এবং রক্তচাপও বাড়তে পড়ে। চিকিৎসা না হলে এই সমস্যার সঙ্গে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক রয়েছে।

জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে হাঁসফাঁস করে ওঠা বা দিনের বেলা অতিরিক্ত ঘুম পাওয়া এই সমস্যার লক্ষণ হতে পারে। এমন উপসর্গ নিয়মিত দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কম ঘুমে বাড়ে স্ট্রোকের ঝুঁকি। ছবি: প্রতীকী

সুস্থ থাকতে কতক্ষণ ঘুম প্রয়োজন?
প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমের লক্ষ্য রাখা উচিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া ও ওঠা, রাতে চা-কফির মতো ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলা এবং নিয়মিত শরীরচর্চা ঘুমের অভ্যাস উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, তামাক বর্জন এবং শারীরিক ভাবে সক্রিয় থাকাও জরুরি।

পর্যাপ্ত ঘুম স্ট্রোক প্রতিরোধের নিশ্চয়তা নয়, কিন্তু দীর্ঘদিন ঘুমের ঘাটতি বা ঘুমের সমস্যা অবহেলা করাও ঠিক নয়। বিশ্ব স্ট্রোক দিবসে তাই শুধু কতক্ষণ ঘুমচ্ছেন, তা নয়, ঘুমের মান কেমন এবং দৈনন্দিন জীবনে কতটা নিয়ম মেনে চলছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি। মস্তিষ্কের সুস্থতা রক্ষায় এই সচেতনতাই হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Healthy Lifestyle TipsSleep DisorderStroke
Advertisement
Tags :
Healthy Lifestyle TipsSleep DisorderStroke

নিয়মিত খবরে থাকতে ফলো করুন