ভালোবাসা থাকলেও দূরত্ব বেড়েই চলেছে? সঙ্গীর সঙ্গে এই ভুলগুলো করেন না তো!
Tiyasha Sarkar
সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। ছোট ছোট বিষয়েও 'লাভ বার্ডসে'র মধ্যে তৈরি হয় দূরত্ব। একজনের না বুঝে করা আচরণই ধীরে ধীরে সঙ্গীর থেকে দূরে সরিয়ে দেয় তাঁকে। যা পরবর্তীকালে সম্পর্ক ভাঙার কারণ কারণ হয়ে দাঁডায়। আপনিও সঙ্গীর সঙ্গে এই ধরণের ব্যবহার করেন না তো? সম্পর্ক খাদের কিনারায় পৌঁছে যাওয়ার আগেই সতর্ক হয়ে যান।
১. আপনি কি মাঝে মধ্যে ইচ্ছে করেই চুপ হয়ে যান, আপনার সঙ্গী তা খেয়াল করেন কি না দেখার জন্য? অথবা, তিনি আপনাকে কতটা গুরুত্ব দেয় তা যাচাই করতে কি অকারণে ঝগড়া করেন? কারও ভালোবাসা বারবার পরীক্ষা গেলে হিতে বীপরীত হতে পারে। হয়তো আপনি আশা করেন যে, কোনও কিছু না বললেও সঙ্গী নিজে থেকে সব বুঝে নেবে। তা কিন্তু সবসময় কোনওভাবে সম্ভব নয়। আরও বারবার কারও আবেগের পরীক্ষা নিলে একটা সময় তিনি আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য।
আরও পড়ুন:
২. সব মতপার্থক্যের তাৎক্ষণিক সমাধানের প্রয়োজন নেই। মাঝে মাঝে মাথা ঠান্ডা করার জন্য কিছুটা সময় নেওয়া প্রয়োজন। তবে, সমস্যা দেখা দিলেই নীরব হয়ে যাওয়া মানসিক দূরত্ব তৈরি করে। আপনি হয়তো ভাবছেন, এতে ঝগড়া এড়ানো যাবে। কিন্তু অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হলে তা বড় সমস্যার জন্ম দেয়।
৩. মেসেজের রিপ্লাই দেরিতে পেলে, অল্প কথায় উত্তর দিলেই আপনার মনে হয় সঙ্গী আপনাকে আর ভালোবাসে না বা আগ্রহ হারিয়ে ফেলেছে? মনের ভেতর নিরাপত্তাহীনতা দানা বাঁধলে সাধারণ ঘটনাগুলোকেও অনেক বড় সমস্যা মনে হয়। এই পরিস্থিতিতে আপনি ছোট ছোট বিষয়গুলোকেও ধরবেন, তার অর্থ খুঁজে বের করে তা নিয়ে ভাববেন। এই অতিরিক্ত ভাবনা সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট।
৪. আগের সম্পর্কে পাওয়া আঘাত আপনার সম্পর্ক ও সঙ্গীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হয়তো আপনার প্রাক্তন সঙ্গী সঠিক ছিলেন না, তার মানে এই নয় যে বর্তমান সঙ্গীকেও আপনি অবিশ্বাস করবেন। পূর্বের আঘাতের ফলে যদি আপনি বর্তমান সঙ্গীকে ক্রমাগত সন্দেহ করেন, তবে তা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
৫. শেষবার কে ক্ষমা চেয়েছিল? আগের ডেটটির পরিকল্পনা কে করেছিল? ঝগড়ার পর সবার আগে কে ফোন করেছিল? প্রতিটি কথা কাটাকাটির পর যদি এসব নিয়ে হিসেব করেন, তাহলে সম্পর্ক প্রতিযোগিতায় বদলে যাবে। মনে এক আকাশ ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়বেই।