৫৫ কারিগর, ৫ হাজার ৮৪০ ঘণ্টার পরিশ্রম! বিশাল সোনার ঝুমকার দুই গিনেস রেকর্ড
Kishore Ghosh
১৬ কেজির সোনার ঝুমকা তৈরি করে চমকে দিল দুবাইয়ের জোয়ালুক্কাস জুয়েলারি। ‘ময়ূর সহস্র’ নামের ওই ২২ ক্যারেটের ঝুমকা গড়ল দু'টি গিনেস রেকর্ড। বেশ কয়েক মাস ধরে ৫৫ জন দক্ষ অলঙ্কার শিল্পী তৈরি করেন অভিনব ঝুমকাজোড়া।
২৪ অক্টোবর দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে জুয়েল অব জয় শোরুমে অসাধারণ এই ঝুমকার উন্মোচন করা হয়। গালফ নিউজের তথ্য অনুযায়ী, বিশাল আকার ঝুমকা উন্মোচনে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর অর্থ ও পর্যটনমন্ত্রী আবদুল্লা বিন তৌক আল মাররি।
আরও পড়ুন:
জোয়ালুক্কাস জুয়েলারির তথ্য অনুযায়ী, ঝুমকার দৈর্ঘ্য ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাস ০ দশমিক ৬৮২ মিটার। বলা বাহুল্য, এই কানের অলঙ্কার বিয়ে বা উৎসবের অনুষ্ঠানে সচরাচর পরা সাধারণ ঝুমকা থেকে আলাদা। এর বিশাল আকার ও ওজন যেমন বিপুল পরিমাণ সোনার প্রদর্শনী, তেমনই তা কারুশিল্পেরও এক অনন্য নিদর্শন।
৫৫ জন দক্ষ শ্রমিক ৫ হাজার ৮৪০ ঘণ্টা কাজ করে অভিনব ঝুমকা জোড়া তৈরি করেছেন। ভারতের জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি করা হয়েছে ঝুমকার নকশা। ভারতীয় সংস্কৃতিতে সৌন্দর্য ও লাবণ্যের প্রতিক ময়ূর, সেই কারণেই ঝমুকার নাম রাখা হয়েছে ‘ময়ূর সহস্র’। যদিও দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী ঝুমকার পরিচিত ঘণ্টাকৃতি আদল দেওয়া হয়েছে অলঙ্কারটিতে। প্রশ্ন হল, কোন দুই গিনেস রেকর্ড করেছে ‘ময়ূর সহস্র’?
২৪ অক্টোবর প্রকাশ্যে আসার আগে ১২ অক্টোবরই দুই রেকর্ডের কথা প্রকাশ্যে আনে গিনেস কমিটি। সেগুলি হল বিশ্বের 'সবচেয়ে ভারী' এবং 'বৃহত্তম' সোনার কানের দুল দুবাইয়ের জোয়ালুক্কাস জুয়েলারির তৈরি অপরূপ ‘ময়ূর সহস্র’।