মেলায় মৎস্যকন্যাকে দেখতে গিয়ে বিপত্তি, তরুণীকে বেধড়ক মার মহিলা বাউন্সারদের! প্রকাশ্যে ভিডিও
Kishore Ghosh
এ রাজ্যেও মেলার তাবুতে 'মৎস্যকন্যা'দের দেখতে ভিড় করে দর্শক। বিশেষত ছোটরা। উত্তরপ্রদেশের তেমনই একটি মেলায় 'জলপরি'র অনুষ্ঠান দেখতে গিয়ে বেধড়ক মার খেলেন এক তরুণী। প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ওই তরুণীকে ঘিরে ধরেছে কালো পোশাক পরা তিন-চারজন মহিলা বাউন্সার। তাঁরা বেধড়ক মারধর করেন তাঁকে। কী অন্যায় করেছিলেন ওই তরুণী?
‘ঘরকেকালেশ’ নামের এক্স হ্যান্ডলে ভিডিওটি আপলোড করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের খুরজার। স্থানীয় রামলীলা ময়দানে মৎস্যকন্যাদের তাবু পড়েছিল। সেখানেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তরুণী। সাধারণত একটি বিশাল আকারের অ্যাকোরিয়ামের মতো পাত্রের ভিতরে লাইভ পারফর্ম করে থাকেন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা সাঁতারুরা। তাঁদের পরনে থাকে মৎস্যকন্যাদের মতো পোশাক। সেই অনুষ্ঠানেই মহিলা বাউন্সারদের হাতে বেধড়ক মার খান তরুণী।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীকে ঘিরে ধরে মারমুখী মহিলা বাউন্সারেরা। একটানা বেশ কিছুক্ষণ তাঁকে কিল-চড়-থাপ্পড় মারতে থাকেন কালো পোশাক পরা তিন-চারজন মহিলা বাউন্সার। অসহায়ভাবে আর্তনাদ করতে থাকেন নির্যাতিতা। আশপাশে লোকজন ভিড় করে দাঁড়িয়ে থাকলেও কেউ আটকায়নি। পরে মহিলা বাউন্সারদের হাত থেকে তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেন এক তরুণ। পুলিশও এসে পড়ে ঘটনাস্থলে। তাদের দেখার পর খানিক সংযত হন মহিলা বাউন্সাররা।
জানা গিয়েছে, আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অভিযুক্ত মহিলা বাউন্সারদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কি না তা জানা যায়নি। সবচেয় বড় কথা, ঠিক কোন কারণে ওই ভাবে নির্যাতন চালানো হল তরুণীর উপরে তাও স্পষ্ট নয়। ভিডিও দেখে নেটাগরিকরা অবশ্য বলছেন, যে অন্যায়ই করে থাকুন ওই তরুণী, ওভাবে মারধর করা কখনই উচিত হয়নি।