পড়ছে বাজার! SIP করেও স্বস্তি নেই? কী করবেন?
Subhodeep Mullick
SIP করেছেন। STP করেছেন। কিন্তু তা-ও মনের মধ্যে অস্বস্তি রয়েই গিয়েছে। বাজার যদি পড়ে যায়, তাহলে কী হবে-এই প্রশ্ন কুরে কুরে খায় অনেক লগ্নিকারীকেই। তখন অনেকেরই মনে হয়, বোধ হয় বাজার ছেড়ে বেড়িয়ে যাওয়াই সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু সত্যিই কী তাই? বিশ্লেষণ করলেন সঞ্জীব কুমার ব্যানার্জি
গত কয়েক বছরে বহু বিনিয়োগকারী SIP, STP এবং এককালীন ইনভেস্টমেন্টের মাধ্যমে তাঁদের লগ্নির যাত্রা শুরু করেছেন। তাঁদের অনেকেই ছেলেমেয়েদের পড়াশোনা, অবসরকালীন প্রয়োজন, বাড়ি কেনা, সম্পদ তৈরি অথবা পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে বিনিয়োগ করেছেন। তাঁদের উদ্দেশ্য ছিল সঠিক, লক্ষ্যও ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু, তাও দেখুন, আজ তঁাদের অনেকেই খুব উদ্বিগ্ন বুঝতে পারছি। কেন এমন হবে, কী করা উচিত, সুরাহা কোথায়? এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজ আপনাদের জন্য প্রথমবার কলম ধরা।
আরও পড়ুন:
মিউচুয়াল ফান্ডের অ্যাপ খুলে ইনভেস্টররা দেখছেন, প্রত্যাশার তুলনায় তঁাদের রিটার্ন কম। কারও পোর্টফোলিওতে দেখা যাচ্ছে নেগেটিভ রিটার্ন। কেউ বেশ কয়েক মাস, কেউ বা কয়েক কোয়ার্টার ধরে SIP চালিয়ে যাচ্ছেন, অথচ এখনও মন-পসন্দ হারে বিনিয়োগের মূল্য বাড়েনি। তার ফলে অনেক বিনিয়োগকারীর মনে প্রশ্ন উঠছে–‘‘আমি কি SIP বন্ধ করে দেব? না কি বাজার ভাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব?”
আবার কিছু ইনভেস্টর আক্ষেপ করে বলেন, “মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাটাই বোধহয় ভুল হয়েছিল! আমার ক্ষতি আর কি কোনও দিন পূরণ হবে?”
স্বাভাবিকভাবে আপনার মনেও যদি এমন প্রশ্ন চলে আসতে পারে। যদি আসে তা হলে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন: আপনি এখন যা দেখছেন, তা অস্বাভাবিক ঠেকলেও আশ্চর্যজনক নয়। আমি তো বলব, প্রায় প্রত্যেক সফল ইনভেস্টরই তাঁর বিনিয়োগের যাত্রায় কোনও না কোনও সময়ে এমন খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
সমস্যাটা হল, ইনভেস্টমেন্ট আরম্ভ করার মুহূর্তে আমরা অনেক সময় ধরে নিই, সম্পদ তৈরির পথটি হবে একেবারে সোজা। ক্রমাগত উপরের দিকে উঠবে। এও মনে হয়, প্রতি মাসেই আমাদের টাকা একটু একটু করে বাড়বে। কিন্তু বাজার, বিশেষ করে ইকু্যইটি মার্কেট, তো সেভাবে চলে না।
এই প্রসঙ্গে একটি ছোট বাচ্চার হঁাটতে শেখার কথা ভাবুন। প্রথম দিনেই কি শিশু নিখুঁতভাবে হাঁটতে পারে? না, বার বার সে পড়ে যায়, আর ফের উঠে দাঁড়ায়। শেষ পর্যন্ত সেই বাচ্চাই হাঁটতে শেখে, দৌড়ে বেড়ায় আর তারপরে এমন অনেক কিছু করে, যা প্রথম দিন কেউ কল্পনাও করতে পারেনি। বাজারের গতিবিধিও অনেকটা তেমন। এগোয়, তারপর পড়ে, কিছুক্ষণ থেমে থাকে আবার ওঠে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ভারতীয় বাজার বহু কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। আমাদের অর্থনৈতিক সঙ্কট এসেছে। যুদ্ধ হয়েছে, বিশ্বের ‘ক্রাইসিস’ আমাদের দরজায় কড়া নেড়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে বিভিন্ন সময়। মূল্যবৃদ্ধি বেড়েছে, সুদের হার বদলেছে। বিশ্ব অর্থনীতিতে মন্থরতা এসেছে নানা পর্যায়।
প্রতিবারই অনেক মহল থেকে প্রশ্ন এসেছে, পরিস্থিতি কি আর কোনও দিন ভাল হবে না? প্রতিবারই কিছু বিনিয়োগকারী ভয়ে বাজার থেকে বেরিয়ে গিয়েছেন। আবার প্রতিবারই দেখেছি সময়ের সঙ্গে বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং নতুন উচ্চতায় পৌঁছেছে। ইতিহাসের তো হুবহু পুনরাবৃত্তি হয় না, কিন্তু পুরোনো ছন্দ অনেক সময় ফিরে আসে।
ডিসক্লেমার: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট সমস্ত নথি পড়ুন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকির অধীন। কোনও প্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়া হয় না।
এত অব্দি এসে একটি সহজ প্রশ্ন করা যাক। মনে করুন, আপনি নিয়মিত যে ভাল মানের পণ্যটি কেনেন, একদিন দেখলেন সেটি হঠাৎ কম দামে পাওয়া যাচ্ছে। এবার তাহলে কি কেনা বন্ধ করবেন? আমার মতে বেশির ভাগ মানুষ বরং আরও বেশি কিনবেন। অথচ বাজারে এসে সাধারণ মানুষ কী করেন? ভ্যালুয়েশন পড়লে (মানে বিনিয়োগের মূল্য কমে গেলে) অনেকেই ভয় পেয়ে যান। কারণ তখন যুক্তি নয়, আবেগই প্রাধান্য পায়।
সফল বিনিয়োগ তাই শুধু টাকার বিষয় নয়, এটি মূলত আচরণের (behaviour) বিষয়। আরও পরিষ্কার করে বলতে গেলে, ধৈর্যের বিষয়। অথবা আবেগ নিয়ন্ত্রণের বিষয়। একটু ঘুরিয়ে বলি। অন্যরা যখন আস্থা হারাচ্ছেন, তখন নিজের লক্ষ্যে স্থির থাকা দরকার। অনেকে মনে করেন, বাজার যখন বাড়ে তখনই সম্পদ তৈরি হয়। কিন্ত বাস্তব ব্যাপার হল, অনেক সময় কঠিন পরিস্থিতিতেই সম্পদ তৈরির ভিত্তি তৈরি হয়। যখন অন্যরা উদ্বিগ্ন, তখনও শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান।
এবার কয়েকটি জরুরি পয়েন্ট পড়ুন:
- SIP কোনও জাদুর ফর্মুলা নয়, যা প্রতি মাসে নিশ্চিত মুনাফা দেবে।
- SIP হল একটি বিশেষ শৃঙ্খলা। একটি ভাল অভ্যাস, বলতে পারেন।
- বাজার পড়লে একই টাকায় বেশি ইউনিট কেনা যায়। বাজার ঘুরে দাঁড়ালে সেই অতিরিক্ত ইউনিটগুলি সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
- এই কারণেই অভিজ্ঞ বিনিয়োগকারীরা প্রায়ই বলেন, ঝড়ের মধ্যে দাঁড়িয়ে বিনিয়োগের বিচার করবেন না। তার চেয়ে আবহাওয়া বদলানোর জন্য অপেক্ষা করুন।মনে করুন, আপনি কেন বিনিয়োগ শুরু করেছিলেন। প্রতি সপ্তাহে রিটার্ন দেখার জন্য আপনি SIP শুরু করেননি, তাই না! শুরু করেছিলেন একটি স্বপ্ন নিয়ে, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। বিশেষ এক দায়িত্ব ছিল আপনার। একটি ভবিষ্যৎ তৈরি করতে চেয়েছিলেন। সেই ভবিষ্যতের ইচ্ছা বদলায়নি কিন্ত। হ্যাঁ, শুধু বাজারের পরিস্থিতি বদলেছে। আর সেই পরিস্থিতি বদলাতেই থাকে।
- বিনিয়োগকারীদের সব থেকে বড় ভুলটি কী জানেন? সব সময় ভুল ফান্ড বেছে নেওয়া নয়। অনেক সময় সবচেয়ে বড় ভুল হল খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া।
- অনেকেই বাজার ঘুরে দাঁড়ানোর ঠিক আগেই SIP বন্ধ করে দেন। আবার অনেকে বাজার পড়ার পর বিনিয়োগ থেকে বেরিয়ে যান। এবং ভ্যালুয়েশন অনেকটা উঠে যাওয়ার পরে আবার ঢোকার চেষ্টা করেন।
- ভয় এবং লোভের এই চক্র (fear and greed) অনেক সময় সংশোধন বা কারেকশনের চেয়েও বেশি সম্পদ নষ্ট করে।
- আপনার লক্ষ্য যদি পাঁচ, দশ, পনেরো বা কুড়ি বছর দূরে হয়, তা হলে আজকের সাময়িক পতনকে ভবিষ্যতের সিদ্ধান্তের একমাত্র ভিত্তি করা উচিত নয়।
আমি এ-ও বলতে চাই যে নিয়মিত আপনার বিনিয়োগগুলির পর্যালোচনা করুন। প্রয়োজনে আপনার উপদেষ্টার সঙ্গে কথা বলুন। প্রতিদিনের বাজারের ওঠানামায় অযথা প্রতিক্রিয়া দেখাবেন না। তার বদলে প্রক্রিয়ার উপর আস্থা রাখুন।
লেখক: SKB Capital Services, AMFI Registered মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, ARN-309978