টালমাটাল বিশ্ব অর্থনীতি, কীভাবে পরিবার বাঁচাবেন মধ্যবিত্তরা?
Subhodeep Mullick
আমেরিকা-ইরান উত্তেজনা হোক বা সমসাময়িক অন্য কোনও বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী ঘটনা-বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার আঁচ মধ্যবিত্তর পরিবারে ভালই বোধ হচ্ছে। কিন্তু সমাধানের উপায় কী? কোন দূরদর্শিতায় দৈনন্দিন জীবনের হিসাব মেলাতে নাজেহাল হতে হবে না মধ্যবিত্তদের? জানাচ্ছেন সৌম্যজিৎ রায়
দেখুন, একটা কথা ভনিতা না করে গোড়াতেই বলে রাখি। মাসের শেষে হিসাব মেলানোই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি মধ্যবিত্তের বিষয়েই বলছি। এবার আসুন, কিছু বিশদে আলোচনা করা যাক।
আরও পড়ুন:
বিশ্ব অর্থনীতির অস্থিরতা কীভাবে বদলে দিচ্ছে ভারতের মধ্যবিত্ত পরিবারের আর্থিক সমীকরণ, তা নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে আমার। মাসের প্রথম সপ্তাহে বেতন জমা পড়েছে তো? এবার বাড়ির EMI, বাচ্চার স্কুলের ফি, দৈনন্দিন বাজার-খরচ, বিদ্যুত/গ্যাসের বিল, ওষুধপত্র... এ সব আছেই। যাতায়াতের খরচ, সে-ও রয়েছে। সব কিছুর জন্য আগের মতোই পরিকল্পনা করেছেন? বেশ, এবার বলুন তো, মাসের শেষ সপ্তাহে এসে কেন দেখেন যে হিসাবের খাতায় আয়ের অঙ্ক অপরিবর্তিত থাকলেও সঞ্চয়ের মাপ অনেকটাই ছোট হয়ে গিয়েছে?
যদি পরিবারের উপার্জন কমে, তাহলে আলাদা কথা। জীবনযাত্রার ধরনে বিশেষ পরিবর্তন এলে, সে-ও আলাদা। না হলে, তবুও কেন আর্থিক চাপের আভাস? উত্তর খুঁজতে গেলে শুধু পরিবারের মাসিক বাজেট দেখলে চলবে না। তাকাতে হবে অর্থনীতির দিকেও।
আজকের বিশ্বের দিকে তাকান। একটি দেশের জ্বালানি সংকট, অন্য দেশের কৃষি উৎপাদন কিংবা আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিরতা, এ সবের প্রভাব কোনও না কোনও ভাবে এসে পড়তে পারে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা হল 4F। তার মানে Food, Fuel, Fertiliser এবং Finance। অর্থাৎ খাবার, জ্বালানি, সার ও অর্থায়ন। এই চারটি ক্ষেত্রকে আলাদা করে দেখার সুযোগ নেই। একটিতে সংকট এলে অন্য তিনটি ক্ষেত্রেও চ্যালেঞ্জ চলে আসে।
একটি উদাহরণ দিই। ধরা যাক, আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেল। ভারত যেহেতু প্রয়োজনীয় অপরিশোধিত তেলের একটি বড় অংশ আমদানি করে, তাই এর ফলে আমাদের দেশের আমদানি ব্যয় বাড়তে পারে। তেলের দাম বাড়লে পরিবহণ ও উৎপাদনের খরচেও চাপ তৈরি হয়। পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া ব্যয়বহুল হয়ে ওঠে। এর প্রভাব পড়তে পারে খাদ্য-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরে।
অন্যদিকে, কৃষি উৎপাদনের সঙ্গে জ্বালানি ও সারের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কৃষকের উৎপাদন খরচ বাড়লে তার প্রভাব শেষ পর্যন্ত খাদ্য সরবরাহ ও বাজারদরেও পড়তে পারে। এবার সব কিছুর সঙ্গে যুক্ত হয় ফিনান্স। জ্বালানি আমদানির খাতে ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতির চাপ এবং আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিরতা দেশের মুদ্রা, সুদের হার ও বিনিয়োগের পরিবেশকে প্রভাবিত করতে পারে।
এবার এই প্রভাবের হিসাব একটি পরিবারের বাজেটে ধরা পড়বেই পড়বে! ধরা যাক, একটি চার সদস্যের পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকা। বাজেট মোটামুটি স্থিতিশীল। মাসিক অপরিহার্য খরচের একটি সম্ভাব্য হিসাব করা যাক:
তার মানে মাসিক আয়ের মধ্যে পরিবারের হাতে অবশিষ্ট থাকে তিরিশ হাজার। এবার আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে খাদ্যপণ্যের দাম ও জ্বালানি সংক্রান্ত খরচ বেড়ে গেল বলে ধরে নেওয়া যাক। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় বেড়ে হল ২১,০০০ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির খরচ দাঁড়াল ৮,৫০০ টাকা।
ফলে পরিবারের মোট মাসিক ব্যয় বেড়ে হল ৭৪,৫০০ টাকা। আয় একই থাকায় অবশিষ্ট অর্থ কমে দাঁড়াল ২৫,৫০০ টাকায়। এক মাসে এই পরিবর্তন খুব বড় মনে নাও হতে পারে। কিন্তু একই ধরনের ব্যয়বৃদ্ধি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে পরিবারের বার্ষিক সঞ্চয়, বিনিয়োগ এবং ভবিষ্যতের আর্থিক লক্ষ্যগুলির কি হবে?
বিশেষ করে যে সব পরিবার একটি মাত্র উপার্জনের উৎসের ওপর নির্ভরশীল, যাদের EMI-জনিত বোঝা বেশি (অথবা যাদের হাতে পর্যাপ্ত জরুরি সঞ্চয় নেই), তাদের ক্ষেত্রে সামান্য আয়হানি বা ব্যয়বৃদ্ধিও বড় সমস্যার কারণ হতে পারে। তাই আর্থিক পরিকল্পনাকে শুধু বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি ছয়টি বাস্তব পদক্ষেপ নিয়ে বলছি, পডুন।
জরুরি সঞ্চয়কে প্রথম অগ্রাধিকার দিন
যেমন একটি দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আন্তর্জাতিক চাপ মোকাবিলায় সহায়তা করে, তেমনই নিজের জরুরি তহবিল ব্যক্তিগত আর্থিক নিরাপত্তার ভিত্তি। সাধারণভাবে অন্তত ছ’মাসের অপরিহার্য খরচের সমপরিমাণ অর্থ সহজে ব্যবহারযোগ্য অবস্থায় রাখা উচিত। যাঁদের আয় অনিয়মিত অথবা যাঁদের উপর একাধিক সদস্য নির্ভরশীল, তাঁদের ক্ষেত্রে নয় থেকে বারো মাসের খরচের সমপরিমাণ তহবিলের লক্ষ্য রাখা যেতে পারে।
ঋণের পরিমাণ ও EMI নিয়ন্ত্রণে রাখুন
আয়ের তুলনায় ঋণের বোঝা বেশি হলে ব্যয়বৃদ্ধির সময় আর্থিক চাপ দ্রুত বেড়ে যায়। বিশেষ করে ক্রেডিট কার্ডের বকেয়া এবং উচ্চ সুদের ব্যক্তিগত ঋণ দীর্ঘমেয়াদে সঞ্চয়ের ক্ষমতা কমিয়ে দিতে পারে। নতুন ঋণ নেওয়ার আগে তার প্রয়োজনীয়তা এবং পরিশোধের সামর্থ্য বিচার করা জরুরি।
আয়ের বিকল্প উৎস তৈরির কথা ভাবুন
একটি মাত্র আয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা আর্থিক ঝুঁকি বাড়ায়। নিজের পেশাগত দক্ষতা ও সময় অনুযায়ী প্রশিক্ষণ, শিক্ষাদান, পরামর্শদান, ফ্রিল্যান্স পরিষেবা কিংবা ছোট উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি করা যেতে পারে।
জীবনবিমা ও স্বাস্থ্যবিমার সুরক্ষা নিশ্চিত করুন
উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতি অথবা বড় চিকিৎসার খরচ দীর্ঘদিনের আর্থিক পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। দায়িত্ব, নির্ভরশীল সদস্য, ঋণ এবং ভবিষ্যতের আর্থিক প্রয়োজন বিবেচনা করে উপযুক্ত জীবনবিমা ও পর্যাপ্ত স্বাস্থ্যবিমা থাকা প্রয়োজন। আমার মতে বিমাকে শুধু খরচ হিসেবে না দেখে রিস্ক ম্যানেজমেন্ট বলে গণ্য করুন।
বাস্তব পরিস্থিতি অনুযায়ী মাসিক বাজেট পরিবর্তন করুন
একটি বাজেট সারা বছর একই রকম থাকবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অপরিহার্য ব্যয়, EMI, সঞ্চয়, বিমা ইত্যাদি আলাদা করে হিসাব রাখুন। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করা, পরিকল্পিত কেনাকাটা এবং খাবারের অপচয় কমানোর মতো ছোট পদক্ষেপও দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে।
বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রাখুন
আর্থিক বাজারে ওঠানামা থাকবেই। কিন্তু প্রতিটি বাজার সংশোধনের সময় আতঙ্কিত হয়ে বিনিয়োগ বিক্রি করা অথবা দ্রুত লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত নয়। লং টার্ম লক্ষ্য থাকলে এবং জরুরি আর্থিক চাহিদা পূরণের ব্যবস্থা থাকলে পরিকল্পনা অনুযায়ী নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়া যেতে পারে।