Advertisement
হাতে হাত ধরে পথচলা-পুলে জলকেলি! কুণালের বাহুডোরে বেবিমুনে আদরে মাখামাখি পূজা
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করবেন অন্তঃসত্ত্বা পূজা বন্দ্যোপাধ্যায়। তার আগে বেবিমুনে অভিনেত্রী। কীভাবে স্ত্রীর খেয়াল রাখছেন স্বামী কুনাল ভর্মা?
এপ্রিলেই দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর দিয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাডুকোনের আদলেই ‘প্রেগন্যান্সি কিট’ প্রদর্শন করে মা হতে চলেছেন সেই ঘোষণা করেন ‘চ্যালেঞ্জ’ অভিনেত্রী। গত ১০ মে মাতৃদিবসে অনুষ্ঠিত হয়েছিল ‘সেলেব মম’পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। পরিবার পরিজন ও কাছের মানুষদের নিয়ে জমজমাট ঘরোয়া অনুষ্ঠানের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
মুম্বইনিবাসী কুণালের বাড়ির রীতি মেনেই হল পূজার সাধভক্ষণের অনুষ্ঠান। কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই হবু-বাবাকে আশীর্বাদ করেছেন। নতুন সদস্যের আগমেনর অপেক্ষায় দিন গুনছেন দম্পতি। তার আগে বেবিমুনে পূজা-কুণাল। একান্তযাপনের রোম্যান্টিক মুহূর্তে আদরে-সোহাগে হবু বাবা-মা। ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা। পূজা-কুনালের আদুরে মুহূর্ত জুটির ভক্তরাও চেটেপুটে উপভোগ করছেন তা বলাই বাহুল্য।
স্বামীর সঙ্গে বেবিমুনে সুন্দর মুহূর্ত উদযাপন করছেন পূজা। বিয়ের ছ'বছর পর রোম্যান্সে বিন্দুমাত্র ঘাটতি পড়েনি তা পূজা-কুনালের রোম্যান্টিক রসায়নেই স্পষ্ট। কখনও হাত ধরে যুগলে একসঙ্গে হাঁটছেন তো কখনও আবার স্বামীকে আগলে পুলের জলে পা ভেজাচ্ছেন পূজা। এখানেই শেষ নয়, ক্যান্ডেললাইট রোম্যান্টিক নৈশভোজেও ভালোবাসায় মাখামাখি। কুনালের বাহুডোরে পূজার আদুরে মুহূর্তের পাশাপাশি দোলনায় বসে হবু মায়ের দোল খাওয়ার মুহূর্তে যেন ঠিকরে বেরচ্ছে প্রেগন্যান্সি গ্লো।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভালোবাসায়, আদরেযত্নে আগলে রেখেছেন কুণাল তা বললে অত্যুক্তি হবে না। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়। এবার দাদা হিসেবে কৃষিভেরও যে প্রোমোশন হচ্ছে, তা বলাই বাহুল্য।
কলকাতার ভূমিকন্যা পূজা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি থেকেই বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন উড়ান। টলিউডের পাশাপাশি মায়ানগরীতেও এখন চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। শুধু তাই নয়, বাংলা-বলিউডের গণ্ডি পেরিয়ে পূজা বন্দ্যোপাধ্যায় তেলুগু ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় মুখ। পঁচিশ সালেই প্রযোজক শ্যামসুন্দর দে’র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন পূজা। এও জানিয়েছিলেন যে, প্রতারিত হওয়ায় তাঁরা নিঃস্ব হয়ে গিয়েছেন। অতীত বিতর্ক সরিয়ে দ্বিতীয় সন্তানের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনার অপেক্ষায় দম্পতি।
Published By: Kasturi KunduPosted: 06:12 PM Jun 09, 2026Updated: 09:17 PM Jun 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
