Advertisement
ঋতুস্রাবের আগে সঙ্গীর উপর মেজাজ হারান বহু তরুণী, কারণ জানলে চমকে যাবেন
মাসের ওই চার-পাঁচটাদিন যেন বেশিরভাগ তরুণীর কাছেই বিভীষিকা।
মাসের ওই চার-পাঁচটাদিন যেন বেশিরভাগ তরুণীর কাছেই বিভীষিকা। পেটে ও কোমরে ব্যথা তো রয়েছে। সঙ্গে কারও কারও আবার মাথা যন্ত্রণাও হয়। আর মুড সুইংয়ের সমস্যা তো লেগেই থাকে। তাই কথায় কথায় রেগে যাওয়া কিংবা দুঃখ পান অনেকেই। আর ক্লান্তি যেন উপরি পাওনার মতো। আবার কেউ কেউ আরও বেশি কষ্ট পান। ওই কটাদিন যেন নড়াচড়া করতেও ভালো লাগে না তাঁদের।
এ তো নয় গেল মাসের বিশেষ চার-পাঁচদিনের কথা। তবে তার আগে থেকেই অনেকের শরীরে নানা উপসর্গ দেখা যায়। কারও কারও তলপেটে ব্যথা হয়। আবার কেউ কেউ স্তনে ব্যথাও অনুভব করেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আয়ুর্বেদশাস্ত্র বলছে, ঋতুস্রাবের আগে অনেকে নাকি সঙ্গীর উপর রেগে যান। প্রায় ৮০ শতাংশ মহিলাই নাকি এই লক্ষণ দেখে বুঝতে পারেন খুব শীঘ্রই রজঃস্বলা হতে চলেছেন।
কিন্তু কেন এই সমস্যা হয়? বিশেষজ্ঞরা বলছেন, কেউ কেউ নাকি এই সময়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। কান্নাকাটি করেন। কিংবা জোরে চিৎকার করেন। এমনকী কোনও কোনও মানুষকে দেখলেও বিরক্ত হয়ে যান। অনেকেই নাকি ঋতুস্রাবের আগে একা কিছুটা সময় কাটাতে চান। আর তাতে বাধা দিলেই বিরক্ত হয়ে পড়েন। মেজাজ হারান।
আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী, এই সময়ে তরুণীরা যেকোনও বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেন। তাই কথায় কথায় ধৈর্য হারিয়ে ফেলেন। তার ফলে চিৎকার করেন। হয়তো অনেক সময়েই দেখা যায় অযথা প্রতিক্রিয়া। তার কোনও প্রয়োজন ছিল না। পরে তাঁরা বোঝেন যে ভুল করেছেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা যে হয়ে গিয়েছে। আসলে শব্দই যে ব্রহ্ম।
কারও কারও ঋতুস্রাবের আগে খাওয়াদাওয়া করতে ইচ্ছা করে না। অরুচি হয়। খালি পেটে মুড সুইংয়ের সমস্যা বেড়ে যায়। তার ফলে অতিরিক্ত রেগে যান বহু তরুণী। সবচেয়ে কাছের মানুষের উপর ক্ষোভ উগরে দেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রজঃস্রাবের আগে পরিমিত খাবার খান। বেশি করে জলজাতীয় খাবার খান। ফল এবং প্রোটিন জাতীয় খাবারদাবার খাদ্যতালিকায় রাখতে ভুলবেন না। নইলে রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে।
ঋতুস্রাবের রক্ত পোশাকে লেগে যাবে না তো? লোকলজ্জার ভয়ে যেন কাঁটা হয়ে থাকেন বেশিরভাগ তরুণী। যা তাঁদের মধ্যে ভয়ংকর মানসিক চাপ তৈরি করে। সেই উদ্বেগ থেকে মেজাজ হারানোর প্রবণতা তৈরি হয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই সময়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে দিনে কমপক্ষে ঘণ্টাখানেক যোগাভ্যাস করুন।
ঋতুস্রাবের সঙ্গে শারীরিক ও মানসিক যোগসূত্র রয়েছে। তাই মাসিকের আগে বহু তরুণী অবসাদে ভুগতে থাকেন। অতীতের তিক্ত অভিজ্ঞতা তাঁর মনকে বিষিয়ে দেয়। মনের এই উথালপাথাল মুখ বুঝে সহ্য করতে পারেন না অনেকেই। তাই কেউ কেউ ছোট্ট কোনও বিষয়ে মেজাজ হারান। বিরক্ত হন। এই সময় সঙ্গীর কিছুটা সংবেদনশীল হওয়া প্রয়োজন। ঝগড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। তাতে সম্পর্ক হবে আরও মধুর।
Published By: Sayani SenPosted: 09:38 PM May 24, 2026Updated: 10:47 PM May 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
