দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bankura

মানুষের পাশেই শামুকখোলের সংসার! প্রজননের সময় জঙ্গল ছেড়ে লোকালয়ে কেন পাখিরা?

প্রায় তিন দশক ধরে প্রজননের মরসুমে এই গ্রামেই ফিরে আসে এশীয় শামুকখোল। উত্তর মিলেছে গবেষণায়।
Jaba Sen
03:47 PM Oct 27, 2026 IST
প্রায় তিন দশক ধরে প্রজননের মরসুমে এই গ্রামেই ফিরে আসে এশীয় শামুকখোল। উত্তর মিলেছে গবেষণায়।
বাঁকুড়ার বড়চাকা গ্রামে শামুকখোল পাখি। নিজস্ব ছবি।

মানুষের ঘরের পাশেই পাখিদের ভরা সংসার। গাছের ডালে ডালে সারি সারি বাসা। কোথাও সদ্য ফোটা ছানা, কোথাও আবার সন্তানের মুখে খাবার তুলে দিতে ব্যস্ত মা-বাবা। এমন দৃশ্য বাঁকুড়ার বড়চাকা গ্রামে নতুন নয়। প্রায় তিন দশক ধরে প্রজননের মরসুমে এই গ্রামেই ফিরে আসে এশীয় শামুকখোল। মানুষের সঙ্গে তাদের গড়ে উঠেছে এক আশ্চর্য সহাবস্থান। কিন্তু জঙ্গল ছেড়ে লোকালয়ের এত কাছে কেন পাখিদের এই প্রসূতিঘর?

উত্তর মিলেছে গবেষণায়। ২০১৩ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজের বিশ্বরঞ্জন ধুয়া, রাজেন্দ্র প্রসাদ মণ্ডল ও তপস কুমার দত্তের সমীক্ষায় দেখা যায়, বহু বাসা মানুষের বাড়ি থেকে মাত্র ৫ থেকে ৫০ মিটার দূরে। গবেষকদের মতে, মানুষের উপস্থিতিতে শিকারি প্রাণীর আক্রমণের আশঙ্কা কমে। পাশাপাশি ধানখেত ও জলাশয়ে প্রচুর শামুক মেলায় খাবারের অভাবও নেই। ২০১৯ ও ২০২০ সালে মেদিনীপুর কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী কলেজের গবেষকদের সমীক্ষায় বড়চাকায় ৪৭ প্রজাতির পাখির সন্ধান মেলে। তার মধ্যে অন্যতম শামুকখোল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গ্রামবাসী সুমিত বিদে ও নমিতা রুইদাস জানান, পাখিরা এখন গ্রামেরই সদস্য। বাসায় ছানা থাকলে কেউ যাতে বিরক্ত না করেন, সেদিকে নজর রাখেন বাসিন্দারাই। গবেষণায় উঠে এসেছে, পাঁপরি ও আঁকুরার মতো বড় গাছ শামুকখোলের বিশেষ পছন্দ। তাই গাছ ও জলাশয় রক্ষাই এই পাখির সংসার টিকিয়ে রাখার চাবিকাঠি। মানুষের উঠোনের পাশেই জন্ম, বেড়ে ওঠা। তারপর ডানা মেলে উড়ে যাওয়া। আবার মরসুম ফিরলেই চেনা ঠিকানায় প্রত্যাবর্তন। তিন দশক ধরে এভাবেই বড়চাকা লিখে চলেছে মানুষ আর পাখির নীরব বন্ধুত্বের গল্প।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bankura
Advertisement
Tags :
Bankura

নিয়মিত খবরে থাকতে ফলো করুন